ভুয়া ফটোকার্ড ও অসম্পূর্ণ ফোনালাপ ফাঁসের পর আন্দোলনে শিক্ষার্থীরা

অপতথ্য ও এডিট করা অডিওতে তোপের মুখে শিক্ষামন্ত্রী

  • আংশিক অডিও ও বিতর্কিত শব্দ ব্যবহারে তোপের মুখে শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন
  • এডিট করা অডিও ও ভুয়া ফটোকার্ড চিহ্নিত করে বিএনপির মিডিয়া সেলের সতর্কতা জারি
  • পরীক্ষা স্থগিতের দাবিতে সামাজিক মাধ্যমে 'ব্রয়লার চিকেন পার্টি' পেজ থেকে লংমার্চের ডাক

অপতথ্য ও এডিট করা অডিওতে তোপের মুখে শিক্ষামন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ০০:১১  

ডিজিটাল প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে এইচএসসি পরীক্ষার্থীদের চলমান আন্দোলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত ভুয়া ফটোকার্ড ও বিভ্রান্তিকর অপতথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। অতিবৃষ্টি ও আকস্মিক বন্যায় পরীক্ষার্থীদের কিছু দুর্ভোগের বাস্তব চিত্রকে অতিরঞ্জিত করে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি এবং তাকে নিয়ে ট্রোল করার ক্ষেত্রে চাতুরতা অবলম্বন করা হয়েছে, যা নানা প্রোপাগান্ডায় ব্যবহৃত হচ্ছে বলে দেখা যাচ্ছে। বিশেষ করে, একটি অসম্পূর্ণ অডিও রেকর্ড ফাঁসের পর তার অপব্যাখ্যায় তোপের মুখে পড়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

ফাঁস হওয়া অডিওটি গভীর প্রযুক্তিগত বিশ্লেষণে দেখা গেছে, এটি একটি চতুর এডিটিংয়ের ফসল। মন্ত্রী তার নিজের মেয়ের প্রসঙ্গে কথোপকথনের একপর্যায়ে প্রসঙ্গক্রমে উপমা টেনে ‘ফার্মের মুরগি’ শব্দটি ব্যবহার করেছিলেন। কিন্তু অডিওর আগের ও পরের অংশ কেটে ফেলে কেবল ওই অংশটুকু প্রকাশ করে পুরো ফোনালাপটিকে চরম বিতর্কিত রূপ দেওয়া হয়। অবশ্য একটু খেয়াল করলেই বোঝা যায় তিনি নিজের মেয়ের সঙ্গে তুলনা করে কথাটি বলেছেন। 

এই খণ্ডিত অডিও ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার (১৪ জুলাই) রাত থেকে ভার্চুয়াল দুনিয়ায় শিক্ষামন্ত্রীকে ‘মুরগী মিলন’ সম্বোধন করে ট্রোল করা হচ্ছে। যদিও মন্ত্রী মঙ্গলবারই জাতীয় সংসদে দাঁড়িয়ে আলাপটি ব্যক্তিগত উল্লেখ করে দুঃখ প্রকাশ করে বলেন, "আমার ব্যক্তিগত মন্তব্য নিয়ে অনেকেই আপত্তি করেছেন। আমি কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করার জন্য কিছু বলি নাই। যদি কেউ আহত হয়ে থাকেন, সিম্প্লি আমি দুঃখ প্রকাশ করছি।" একই সঙ্গে তিনি জানান, স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাগুলো অন্য সেটের নতুন প্রশ্নপত্রে পুনরায় নেওয়া হবে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিএনপির মিডিয়া সেল ফেসবুকে সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা হিসেবে এসব ভুয়া ফটোকার্ড ছড়াচ্ছে। নির্ভরযোগ্য সূত্র ছাড়া কোনো তথ্য শেয়ার না করার আহ্বান জানিয়েছে তারা।

অন্যদিকে, ডিজিটাল প্ল্যাটফর্মের উসকানিকে কেন্দ্র করে বুধবার (১৫ জুলাই) এইচএসসি পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি অংশ। ‘ব্রয়লার চিকেন পার্টি’ নামের একটি ফেসবুক পেজে প্রকাশিত পোস্টারের মাধ্যমে আজ বেলা ১টা ৩০ মিনিটে উত্তরার বিএনএস সেন্টার থেকে এই লংমার্চের ডাক দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমের এসব উসকানিমূলক ক্যাম্পেইনের মুখেও সরকার ও শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ড ছাড়া দেশের অন্য সব বোর্ডের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।

//ডিবিটেক/এসআই/এমআই//