থ্রি-আর কৌশল ও প্রযুক্তিগত অংশীদারিত্বে জোর দিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী

জাতিসংঘে এসডিজি অর্জনে প্রযুক্তি হস্তান্তরের আহ্বান

  • জাতিসংঘ সদরদপ্তরে এসডিজি বাস্তবায়নে প্রযুক্তি হস্তান্তরের আহ্বান
  • স্থিতিশীলতার লক্ষ্যে ‘থ্রি-আর’ (3R) কৌশল বাস্তবায়ন করছে সরকার
  • কৃষকদের জন্য বিশেষ ‘ফার্মার্স কার্ড’ চালুর ঘোষণা প্রতিমন্ত্রীর

জাতিসংঘে এসডিজি অর্জনে প্রযুক্তি হস্তান্তরের আহ্বান
১৫ জুলাই, ২০২৬ ০০:০০  

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রযুক্তি হস্তান্তর এবং শক্তিশালী আন্তর্জাতিক অংশীদারিত্ব জোরদারের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।

১৪ জুলাই, মঙ্গলবার জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিত টেকসই উন্নয়নবিষয়ক উচ্চপর্যায়ের রাজনৈতিক ফোরামে (এইচএলপিএফ) সাধারণ বিতর্কে বাংলাদেশের জাতীয় বক্তব্য প্রদানকালে তিনি এই আহ্বান জানান। তিনি আধুনিক প্রযুক্তিগত জ্ঞান ও উদ্ভাবনকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসের জাতীয় নির্বাচনের পর গঠিত নতুন সরকার দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার এবং টেকসই উন্নয়নের ভিত্তি সুদৃঢ় করতে ‘রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন’ (থ্রি-আর) কৌশল বাস্তবায়ন করছে। এই রূপান্তরকামী যাত্রায় প্রযুক্তিগত আধুনিকায়ন অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করছে।

তিনি সরকারের বিভিন্ন অগ্রাধিকারমূলক উদ্যোগ তুলে ধরে বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারি বিনিয়োগ বৃদ্ধি, পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, ২৫ কোটি বৃক্ষরোপণ, নবায়নযোগ্য জ্বালানি ও সবুজ শিল্পের সম্প্রসারণ এবং অভ্যন্তরীণ সম্পদ আহরণ জোরদার করা হচ্ছে। একই সাথে জীবনচক্রভিত্তিক সার্বজনীন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন এবং আধুনিক ডেটাভিত্তিক 'ফার্মার্স কার্ড' চালুর মাধ্যমে গ্রামীণ জীবিকা, খাদ্যনিরাপত্তা ও কৃষি উৎপাদনশীলতা আরও শক্তিশালী করা হচ্ছে।

টেকসই উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী উন্নয়ন সহযোগীদের প্রতি অনুদান, সহজ শর্তের ঋণ, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক সহযোগিতা আরও সম্প্রসারণের আহ্বান জানান।

//ডিবিটেক/ জেডইউপি/এমআই//