“বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার” প্রচারণাটি গুজব

“বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার” প্রচারণাটি গুজব
২১ অক্টোবর, ২০২৫ ১৮:০৭  

 ‘‘বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার”। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই খবরটি ‘গুজব’ বলে জানিয়েছেন  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। ২১ অক্টোবর, মঙ্গলবার, মন্ত্রণালয় থেকে দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা ম. শেফায়েত হোসেন জানান,  সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কতিপয় সংবাদ মাধ্যমে প্রচারিত “বাংলাদেশি কর্মীদের ভিসা দিচ্ছে না কাতার” শীর্ষক প্রচারণাটি একেবারেই গুজব। বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দৃষ্টি আকৃষ্ট হয়েছে। মন্ত্রণালয় মনে করে এ ধরণের মিথ্য তথ্য পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য মহল বিশেষ উদ্দেশ্য প্রনোদিত অপপ্রয়াস ।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ ধরণের গুজব এড়িয়ে চলার জন্য দেশবাসির প্রতি আহ্বান জানিয়েছে। 

গুজবের বিপরীতে প্রকৃত তথ্য তুলে ধরে মন্ত্রণালয় নিশ্চিত করেছে. কাতারের শ্রমবাজার যথারীতি চালু রয়েছে। বাংলাদেশ থেকে কাতারে সেপ্টেম্বর ২০২৪ থেকে সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এক লাখ ১১ হাজার ৬ শত ৬২ জন কর্মী প্রেরণ করা হয় এবং বর্তমানেও কর্মী প্রেরণ অব্যাহত রয়েছে। বর্তমানে কাতারে ৪ লাখ ২৫ হাজার ৬শত ৮১ জন কর্মী কর্মরত রয়েছে। এছাড়া, কাতারে ‘ফ্রি ভিসা’তে কর্মী প্রেরণের বিষয়ে মহলবিশেষের বিভ্রান্তিকর ও ভূয়া প্রচারণার বিষয়টিও মন্ত্রণালয়ের নজরে এসেছে। প্রকৃতপক্ষে কাতারে ‘ফ্রি ভিসা’ নামে কোনো ভিসা ব্যবস্থা নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো যাচ্ছে।