ওপেনএআইয়ের প্রথম হার্ডওয়্যার ডিভাইস হবে একটি স্পিকার

ওপেনএআইয়ের প্রথম হার্ডওয়্যার ডিভাইস হবে একটি স্পিকার
১৫ জুলাই, ২০২৬ ১০:০১  

অ্যাপল থেকে চাকরি ছেড়ে আসা দুই সাবেক কর্মী ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই স্টার্টআপ ওপেনএআইয়ের বিরুদ্ধে অ্যাপল কর্তৃক বাণিজ্যিক গোপনীয়তা চুরির মামলা করার ঠিক কয়েক দিনের মাথায় এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। মঙ্গলবার ব্লুমবার্গ নিউজের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, কনজিউমার হার্ডওয়্যার বা সাধারণ গ্রাহকদের ব্যবহারের জন্য ওপেনএআই তাদের প্রথম নিজস্ব পণ্য হিসেবে একটি পোর্টেবল (সহজে বহনযোগ্য) এবং স্ক্রিনবিহীন স্মার্ট স্পিকার বাজারে ছাড়তে যাচ্ছে।

গত শুক্রবার দায়ের করা অ্যাপলের অভিযোগে বলা হয়েছে, ওপেনএআই তাদের সাবেক কর্মী, বিশেষ নিয়োগ প্রক্রিয়া এবং চিপ সরবরাহকারীদের সাথে সম্পর্কের সুযোগ নিয়ে পদ্ধতিগতভাবে অ্যাপলের অত্যন্ত গোপনীয় তথ্য হাতিয়ে নিয়েছে। কনজিউমার হার্ডওয়্যার ব্যবসায় নিজেদের অবস্থান দ্রুত শক্তিশালী করতেই ওপেনএআই এই কাজ করেছে বলে দাবি অ্যাপলের।

আইপিও বা শেয়ার বাজারে যাওয়ার প্রস্তুতি নেওয়া ওপেনএআই-এর জন্য এই নতুন ডিভাইসটি আয়ের এক বিশাল উৎস হয়ে উঠতে পারে। উল্লেখ্য, জেনারেটিভ এআই যুগের উপযোগী হার্ডওয়্যার তৈরির উদ্দেশ্যে গত বছর কোম্পানিটি ৬.৫ বিলিয়ন ডলার খরচ করে ‘আইও’ নামের একটি এআই ডিভাইস স্টার্টআপ কিনে নেয়, যার প্রতিষ্ঠাতা ছিলেন অ্যাপলের সাবেক প্রধান ডিজাইন কর্মকর্তা জনি আইভ।

এই বিষয়ের সাথে জড়িত ব্যক্তিদের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, স্পিকারের মতো দেখতে এই পণ্যটি এখনো উন্নয়ন বা ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এবং এটি মূলত ঘরের ভেতরে মানুষের মতো আচরণ করতে সক্ষম একটি ‘এআই সঙ্গী’ হিসেবে কাজ করার জন্য ডিজাইন করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডিভাইসটি ঘরের স্মার্ট হোম অ্যাপ্লায়েন্স (যেমন- স্মার্ট লাইট, ফ্রিজ বা এসি) নিয়ন্ত্রণ করা, গান বা মিডিয়া চালানো, যেকোনো প্রশ্নের উত্তর দেওয়া এবং বার্তার জবাব দিতে পারবে। এর মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে ওপেনএআই-এর চ্যাটজিপিটির শক্তিশালী বুদ্ধিমত্তা।

ব্লুমবার্গ নিউজের তথ্য অনুযায়ী, প্রথাগত সাধারণ স্মার্ট স্পিকারগুলোর চেয়ে এটি অনেক বেশি উন্নত হবে। ডিভাইসটিতে একটি ক্যামেরা এবং বেশ কিছু সেন্সর যুক্ত থাকবে, যা ব্যবহারকারীর চারপাশের পরিবেশ এবং পরিস্থিতি বুঝতে সাহায্য করবে। এতে এমন কিছু উন্নত এআই মডেল ব্যবহার করা হবে যা সাধারণ স্পিকারগুলোতে দেখা যায় না।

জনি আইভের নিজস্ব ডিজাইন স্টুডিও ‘লাভফ্রম’ মূলত ওপেনএআইয়ের এই ডিভাইস ব্যবসা গড়ে তুলতে সরাসরি সাহায্য করছে। এই প্রজেক্টে অ্যাপলের অসংখ্য সাবেক ডিজাইনার ও ইঞ্জিনিয়ার যুক্ত আছেন, যারা এর আগে আইফোন এবং ম্যাকের মতো বিশ্বখ্যাত পণ্যের ডিজাইনে কাজ করেছেন।

অবশ্য এই বিষয়ে রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিক মন্তব্যের অনুরোধ জানানো হলে ওপেনএআইয়ের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স