ভুয়া ফটোকার্ড নিয়ে হানিফ সংকেতের উদ্বেগ
‘ইত্যাদি’ খ্যাত টিভি উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেতের নাম ব্যবহার করে বেশকিছু ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। এর মধ্যে শেখ হাসিনা ফ্যাসিস্ট নয়, শেখ হাসিনা হলো বাংলাদেশ গড়ার আর্টিস্ট শিরোনামের ফটোকার্ডটি যাচাই করে সেটি ভুয়া বলে প্রমাণ পেয়েছে রিউমর স্ক্যানার।
গত ২৫ মার্চ থেকে সামাজিক যোগাযোগ ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ভুয়া ফটোকার্ড। ওইসব ফটোকার্ডে দেখা যাচ্ছে, হানিফ সংকেতের ছবি ব্যবহার করে বিভিন্ন বক্তব্য প্রচার করা হচ্ছে। এসব পোস্টের কিছুতে রাজনৈতিক মন্তব্যও জুড়ে দেয়া হয়েছে, যা দ্রুত ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফটোকার্ড বিষয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন হানিফ সংকেত।
সেখানে তিনি লিখেছেন, সুহৃদ, আমি দীর্ঘদিন ধরেই আমার অনুষ্ঠানের মাধ্যমে একটি কথা বলে আসছি- সত্যতা যাচাই না করে সামাজিকমাধ্যমে কোনো কিছু পোস্ট বা শেয়ার করা শুধু অন্যায় নয়, অপরাধও। দুঃখজনক হলেও সত্য, সম্প্রতি আমার কিছু শুভাকাঙ্ক্ষী ফেসবুকে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি ফটোকার্ড পাঠিয়ে আমার দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি আরও বলেন, ওই ফটোকার্ডের কথাগুলো আমার উপস্থাপনাশৈলীর অনুকরণে ছন্দবদ্ধভাবে লেখা হলেও, সেগুলোর সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। অথচ অত্যন্ত দুঃখের বিষয়, কোনো রকম সত্যতা যাচাই না করেই অনেকে এ ফটোকার্ডগুলো শেয়ার করছেন, কমেন্ট করছেন এবং লাইক দিচ্ছেন।
দীর্ঘ চার দশক ধরে আমি কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াই নিরপেক্ষতা ও স্বাতন্ত্র্য বজায় রেখে সুস্থ সংস্কৃতির বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে কাজ করছি উল্লেখ করে তিনি ওই পোস্টে লিখেছেন, আমার প্রকৃত বক্তব্য, উক্তি বা ফটোকার্ড শুধু আমার নিজস্ব ভেরিফায়েড প্ল্যাটফরম এবং স্বীকৃত গণমাধ্যমেই প্রকাশ করা হয়। প্রযুক্তির এই উৎকর্ষের সময়ে এর অপব্যবহার সম্পর্কে আমাদের সবারই আরও সচেতন হওয়া প্রয়োজন। অনুরোধ থাকবে, এ ধরনের কোনো অজানা, অচেনা বা অখ্যাত উৎস থেকে আসা তথ্যে বিভ্রান্ত হবেন না এবং তা প্রচার করে অন্যকেও বিভ্রান্ত করবেন না।
২৬ মার্চ বিকেলে এই পোস্ট দেয়ার পর ২৭ মার্চ ফটোকার্ডটি যাচাই করে ডিবাং করে রিউমার স্ক্যানার।
ডিবিটেক/এসএমএস/ইকে



