সামাজিক মূল্য সৃষ্টি, টেকসই উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও প্রকিউরমেন্ট নেতৃত্বে আন্তর্জাতিক স্বীকৃতি
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে চার স্বীকৃতি পেল বাংলালিংক
সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘সিআইপিএস এশিয়া এক্সিলেন্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চারটি বিভাগে স্বীকৃতি অর্জন করেছে বাংলালিংক। সামাজিক মূল্য সৃষ্টি, টেকসই উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট নেতৃত্বে এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
দেশের শীর্ষ ডিজিটাল অপারেটর বাংলালিংক ‘সিআইপিএস এশিয়া এক্সিলেন্স ইন প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই অ্যাওয়ার্ডস ২০২৬’-এ চারটি মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। সামাজিক মূল্য সৃষ্টি, টেকসই উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং প্রকিউরমেন্ট নেতৃত্বে উদ্ভাবনী উদ্যোগের জন্য আন্তর্জাতিক এ স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।
চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠান গত ৭ থেকে ৯ জুলাই সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় উদ্ভাবন, কৌশলগত প্রভাব এবং উৎকর্ষের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।
এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় বহুজাতিক প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলালিংক চারটি বিভাগে স্বীকৃতি অর্জন করে।
এর মধ্যে ‘প্রকিউরমেন্ট এনাবলিং ইনক্লুসিভ ডিজিটাল এডুকেশন’ প্রকল্পের জন্য ‘বেস্ট ইনিশিয়েটিভ টু ডেলিভার সোশ্যাল ভ্যালু থ্রু প্রকিউরমেন্ট’ বিভাগে বিজয়ী হয়েছে প্রতিষ্ঠানটি। প্রকল্পটির নেতৃত্ব দেন ক্যাটাগরি ম্যানেজার কাজী সানজিদ আহমেদ।
এছাড়া ‘কার্বন-স্মার্ট গ্রিন মাইক্রোওয়েভ কানেক্টিভিটি’ উদ্যোগের জন্য ‘বেস্ট সাসটেইনেবিলিটি প্রজেক্ট অব দ্য ইয়ার’ বিভাগে বিজয়ী হয়েছে বাংলালিংক। এ উদ্যোগের প্রতিনিধিত্ব করেন ক্যাটাগরি ম্যানেজার নাজিরুল ইসলাম খান।
অন্যদিকে, সিনিয়র ক্যাটাগরি ম্যানেজার আবদুল্লাহ আল ফারুকের প্রতিনিধিত্বে ‘র্যান (রেডিও অ্যাকসেস নেটওয়ার্ক) ট্রান্সফরমেশন’ প্রকল্প ‘বেস্ট অ্যাপ্রোচ টু রিস্ক মিটিগেশন’ বিভাগে রানার-আপ স্বীকৃতি অর্জন করেছে।
এ ছাড়া সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহানের প্রতিনিধিত্বে ‘প্রকিউরমেন্ট টিম অব দ্য ইয়ার’ বিভাগেও রানার-আপ স্বীকৃতি পেয়েছে বাংলালিংক।
পুরস্কারপ্রাপ্তি উপলক্ষে বাংলালিংকের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিরেক্টর আশিক সোবহান বলেন, “এই স্বীকৃতি আমাদের প্রকিউরমেন্ট দলের নিষ্ঠা, উদ্ভাবনী সক্ষমতা এবং কৌশলগত দৃষ্টিভঙ্গির প্রতিফলন। আন্তর্জাতিক এ প্ল্যাটফর্মে চারটি বিভাগে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য অত্যন্ত গর্বের। এটি প্রকিউরমেন্ট কার্যক্রমে টেকসই উন্নয়ন, সামাজিক মূল্যবোধ এবং পরিচালনাগত উৎকর্ষকে আরও শক্তিশালী করার আমাদের প্রচেষ্টার স্বীকৃতি। এই অর্জনের জন্য আমাদের দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানাই।”
বাংলালিংক জানায়, এ স্বীকৃতি প্রতিষ্ঠানটির প্রকিউরমেন্ট ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় উদ্ভাবন, দায়িত্বশীলতা এবং টেকসই ব্যবসায়িক চর্চার প্রতি দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে আরও দৃঢ় করবে।
//ডিবিটেক/এইএচসিএ/এসএমইএম//





