৩০ মার্চ বিটিআরসি’র ৩০৫তম সভা

৩০ মার্চ বিটিআরসি’র ৩০৫তম সভা
৩০ মার্চ, ২০২৬ ০০:০০  

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম বারের মতো কমিশন বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। ৩০ মার্চ, সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনের কমিশন সভাকক্ষে কমিশনের ৩০৫তম সভা অনুষ্ঠিত হবে। 

বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব) এমদাদ উল বারীর নেতৃত্বে ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক ছাড়াও বৈঠকে স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন, ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ এবং লিগ্যাল এন্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবদুর রহমান সরদার উপস্থিত থাকবেন।

সূত্রমতে, ঈদের পরের প্রথম কার্যদিবস ২৯ মার্চ বৈঠকের তারিখ পূর্ব নির্ধারিত থাকলেও তা পিছিয়ে ৩০ মার্চ করা হয়। এ দিনই কমিশনের গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী এই বৈঠকের আলোচ্য সূচি নির্ধারণ করা হয়। সূচিতে আগের বৈঠকের অমিমাংসিত বিষয় এবং গৃহীত সিদ্ধান্তের ফলোআপের বিষয়ে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে বলে জানা গেছে। বৈঠক বিষয়ে সকল মহাপরিচালক, পরিচালক এবং চেয়ারম্যানের একান্ত সচিবকে অবহিত করা হয়েছে। 

জানাগেছে, রবিবার বিকেলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের সঙ্গে চেয়ারম্যানসহ কমিশনারদের গুরুত্বপূর্ণ একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যানের অফিসে অনুষ্ঠিত ওই বৈঠকে টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসি-২০২৫, বাংলাদেশ টেলিযোগাযোগ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ এবং বিটিআরসি অধ্যাদেশ (সংশোধিত ২০২৫-২০২৬) বিষয়ে আলাপ হয়েছে। ফলে বৈঠকের আগমুহুর্তে সোমবার আলোচ্য সূচিতে রদবদল হয়ে চূড়ান্ত করা হতে পারে। 

ডিবিটেক/আইএইচ/এমইউএম