প্রযুক্তি-সচেতন সাংবাদিকতায় জোর দিল চুয়েট

চুয়েট সাংবাদিক সমিতির নেতৃত্বে গালিব ও ফাইয়াজ

  • ভুয়া তথ্য মোকাবিলায় দক্ষতার আহ্বান
  • তথ্য যাচাইয়ে গুরুত্ব
  • প্রযুক্তি-সচেতন সাংবাদিকতা

চুয়েট সাংবাদিক সমিতির নেতৃত্বে গালিব ও ফাইয়াজ
৯ জুলাই, ২০২৬ ২১:৪৯  

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) সাংবাদিক সমিতির ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের প্রতিনিধি আসাদুল্লাহ গালিব এবং সাধারণ সম্পাদক হয়েছেন প্রথম আলোর প্রতিনিধি ফাইয়াজ মুহাম্মদ কৌশিক।

১৫ সদস্যের নতুন এই কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন— যুগ্ম সাধারণ সম্পাদক আকিফা মঞ্জুর তিশা (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড), সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা তানিম (দ্য ডেইলি ক্যাম্পাস), অর্থ সম্পাদক তানভীর আহমাদ (কালের কণ্ঠ), দপ্তর সম্পাদক নাজিফা তাসনিম জিফা (সিটিজি পোস্ট), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইবাদ হোসেন (খবরের কাগজ), সহ-অর্থ সম্পাদক জারীন তাসমীন সাবা (বণিক বার্তা), সহ-দপ্তর সম্পাদক অনুরাশা রাফানা (বর্তমান বাংলাদেশ) এবং সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাওকিক ইসলাম জোহা (নাগরিক ভাবনা)। কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন নাজমুল কবির সিয়াম (রূপালী বাংলাদেশ), মো. মিসবাহ উদ্দিন (আমাদের সময়) এবং সাব্বির হোসাইন (দৈনিক আজাদী)।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে বিদায়ী কমিটির সভাপতি, কালের কণ্ঠ পত্রিকার প্রতিনিধি আসহাব লাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা শেষে কমিটির নাম  ঘোষণা করেন  চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া। এর আগে বিদায়ী কমিটির সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করেন উপাচার্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ইনস্টিটিউট অব এনার্জি টেকনোলজির (আইইটি) পরিচালক অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ।

ডিজিটাল যুগে দ্রুত ছড়িয়ে পড়া ভুয়া তথ্য ও অপতথ্য মোকাবিলায় প্রযুক্তি-সচেতন, তথ্য-যাচাইয়ে দক্ষ এবং দায়িত্বশীল সাংবাদিকতা গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত অগ্রগতির ফলে তথ্যপ্রবাহ যেমন বেড়েছে, তেমনি ভুয়া খবর (Fake News), অপতথ্য (Misinformation) এবং বিভ্রান্তিকর তথ্য (Disinformation)-এর ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। তাই ক্যাম্পাস সাংবাদিকদের ফ্যাক্ট-চেকিং, ডিজিটাল ভেরিফিকেশন এবং তথ্যসূত্র যাচাইয়ের দক্ষতা অর্জন করতে হবে। সত্য, যুক্তি ও মানবিক মূল্যবোধকে ধারণ করেই সাংবাদিকতার চর্চা হওয়া উচিত বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ক্যাম্পাস সাংবাদিকতা কেবল সংবাদ প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি একাডেমিয়া, গবেষণা, শিল্পখাত ও প্রশাসনের সঙ্গে পেশাগত নেটওয়ার্ক তৈরিরও গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সম্পর্ক ভবিষ্যৎ কর্মজীবনে মূল্যবান সম্পদ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সদ্য বিদায়ী সভাপতি আসহাব লাবিব বলেন,"প্রায় বিশ বছর ধরে চুয়েট সাংবাদিক সমিতি সত্য ও ন্যায়ের পক্ষে কাজ করে আসছে। বিদায় নিয়তির নিয়ম। আজ এই সমিতি নতুন নেতৃত্ব পেয়েছে। নতুন কমিটিকে অভিনন্দন। আমরা চাই বিগত দিনের মতোই চুয়েট সাংবাদিক সমিতি  চুয়েটের কথা দেশব্যাপী তুলে ধরবে।"

তাৎক্ষণিক প্রতিক্রিয়ার নবনির্বাচিত সভাপতি আসাদুল্লাহ গালিব বলেন,"সত্য, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতাই সাংবাদিকতার মূল শক্তি। চুয়েট সাংবাদিক সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা, সাফল্য, সমস্যা ও সম্ভাবনাকে নিরপেক্ষভাবে পাঠকের সামনে তুলে ধরার দায়িত্ব পালন করে আসছে। আমরাও সেই ধারাবাহিকতা অটুট রাখতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাব। একই সঙ্গে সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে শিক্ষার্থী, প্রশাসন এবং সাধারণ পাঠকের মধ্যে একটি আস্থার সেতুবন্ধন গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" 

নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফাইয়াজ মুহাম্মদ কৌশিক জানান,"চুয়েট সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই দেশ ও বিশ্ববাসীর সামনে চুয়েটকে তুলে ধরতে ভূমিকা রাখছে। চুয়েটের ভালো খবরগুলোর পাশাপাশি বিভিন্ন গঠনমূলক সমালোচনার মাধ্যমে আমরা চুয়েটের কল্যাণে অবদান রাখছি। আগামীতেও এ ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।"

গণমাধ্যম ও প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমান ডিজিটাল সংবাদ পরিবেশে মিডিয়া লিটারেসি, ওপেন-সোর্স ইন্টেলিজেন্স (OSINT), এআই-সহায়ক ফ্যাক্ট-চেকিং টুল, সাইবার নিরাপত্তা সচেতনতা এবং ডেটা জার্নালিজম ক্যাম্পাস সাংবাদিকদের জন্য ক্রমেই অপরিহার্য দক্ষতায় পরিণত হচ্ছে।

//ডিবিটেক/ আইইএম/ ইকে//