ডিজিটাল প্রশাসনের অভিজ্ঞ কর্মকর্তা পেল সিলেট জেলা

আইসিটি বিভাগ থেকে সিলেটের নতুন ডিসি

  • আইসিটি বিভাগের কর্মকর্তা
  • নতুন ডিসি নিয়োগ
  • ডিজিটাল সেবায় প্রত্যাশা

আইসিটি বিভাগ থেকে সিলেটের নতুন ডিসি
৯ জুলাই, ২০২৬ ২২:৩১  

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ থেকে সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন উপসচিব আব্দুল্লাহ আল মামুন। বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। প্রযুক্তি খাতের একজন প্রশাসনিক কর্মকর্তাকে জেলা প্রশাসনের নেতৃত্বে আনার ফলে ডিজিটাল সেবার সম্প্রসারণ ও ই-গভর্ন্যান্স বাস্তবায়ন নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

এর আগে, গত ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়। পরে ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে পদায়নের প্রজ্ঞাপন জারি হলেও তিনি সিলেটে যোগদান করেননি। সর্বশেষ নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে আব্দুল্লাহ আল মামুনকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আব্দুল্লাহ আল মামুন এর আগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে সরকারি ডিজিটাল সেবা, তথ্যপ্রযুক্তিনির্ভর প্রশাসন, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং ই-গভর্ন্যান্স বাস্তবায়নের অভিজ্ঞতা জেলা প্রশাসনের কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সিলেটে জেলা প্রশাসকের পরিবর্তনের পেছনে সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজারে দানবাক্স ব্যবস্থাপনা নিয়ে আলোচনা-সমালোচনা গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট হিসেবে উঠে আসে। যদিও সরকারের পক্ষ থেকে এ বদলিকে নিয়মিত প্রশাসনিক রদবদল বা 'রুটিন ওয়ার্ক' হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।

জনপ্রশাসনে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে সরকারের চলমান উদ্যোগের মধ্যে আইসিটি বিভাগের অভিজ্ঞ কর্মকর্তাদের মাঠ প্রশাসনে দায়িত্ব দেওয়া ডিজিটাল গভর্ন্যান্স, স্মার্ট সার্ভিস ডেলিভারি, ডেটা-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং নাগরিকসেবার ডিজিটাল রূপান্তর আরও গতিশীল করতে ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন জনপ্রশাসন ও প্রযুক্তি বিশ্লেষকরা।

//ডিবিটেক/ মুইম/ ইকেএইচ//