ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে তিন মাসের জন্য সরকারি খাতে কম্পিউটারসহ প্রযুক্তিপণ্য ক্রয়ে নিষেধাজ্ঞা

ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে তিন মাসের জন্য সরকারি খাতে  কম্পিউটারসহ প্রযুক্তিপণ্য ক্রয়ে নিষেধাজ্ঞা
৩ এপ্রিল, ২০২৬ ০০:২৩  

যানজট কমানো এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার হ্রাস করতে শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা পাবে। পাশাপাশি বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।  এছাড়াও আগামী তিন মাসের জন্য সরকারি খাতে নতুন যানবাহন (সড়ক, নৌ বা আকাশযান) এবং কম্পিউটারসহ প্রযুক্তিপণ্য ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 

জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ২ এপ্রিল, বৃহস্পতিবাররাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। 

বৈঠক শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানের সময়সূচি ও কার্যক্রম নিয়ে পৃথক নির্দেশনা দেবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি। আর সেই সিদ্ধান্ত কার্যকর হতে পারে আগামী রবিবার থেকে কার্যকর । মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, যানজট কমানো এবং শিক্ষার্থীদের ব্যক্তিগত গাড়ির ব্যবহার হ্রাস করতে সরকার শুল্কমুক্ত সুবিধায় ইলেকট্রিক বাস আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এই উদ্যোগে অংশগ্রহণকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বিশেষ সুবিধা পাবে। পাশাপাশি বাণিজ্যিকভাবে ইলেকট্রিক বাস আমদানিতে শুল্ক কমিয়ে ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে, তবে পুরোনো বাস আমদানির অনুমতি দেওয়া হবে না। 

তিনি বলেন, সরকারি ব্যয় সংকোচনের অংশ হিসেবে জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে বাজেট বরাদ্দের ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। আগামী তিন মাসের জন্য সরকারি খাতে নতুন যানবাহন (সড়ক, নৌ বা আকাশযান) এবং কম্পিউটারসহ প্রযুক্তিপণ্য ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণের অর্ধেক বাতিল করা হয়েছে। সভা-সেমিনারের আপ্যায়ন খরচও ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচি এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। আগামী কার্যদিবস থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। একই সঙ্গে ব্যাংকগুলোর লেনদেনের সময় নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, যদিও আনুষঙ্গিক কাজ শেষ করতে ব্যাংকগুলো বিকেল ৪টা পর্যন্ত খোলা রাখা যাবে। এ ছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব মার্কেট, দোকানপাট ও শপিং মল সন্ধ্যা ৬টার পর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের প্রয়োজন বিবেচনায় কাঁচাবাজার, ওষুধের দোকান ও খাবারের দোকানের মতো জরুরি সেবা এই নির্দেশনার বাইরে থাকবে।  

ডিবিটেক/বিএমও/ইকে