সৌর, স্টোরেজ, স্মার্ট গ্রিডে ২০৩০ লক্ষ্য নির্ধারণ

সবুজ জ্বালানিতে স্মার্ট প্রযুক্তির নতুন রোডম্যাপ

  • ২০% নবায়নযোগ্য বিদ্যুৎ
  • স্মার্ট গ্রিড সম্প্রসারণ
  • রিয়েল-টাইম ড্যাশবোর্ড চালু

সবুজ জ্বালানিতে স্মার্ট প্রযুক্তির নতুন রোডম্যাপ
৯ জুলাই, ২০২৬ ২১:২১  

পরিষ্কার জ্বালানি প্রযুক্তি, স্মার্ট বিদ্যুৎ অবকাঠামো এবং ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থাকে কেন্দ্র করে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০) অনুমোদন দিয়েছে সরকার। ৯ জুলাই, বৃহস্পতিবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই কৌশলপত্রে ২০৩০ সালের মধ্যে দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে অর্জনের পাশাপাশি কার্যকর চাহিদা ব্যবস্থাপনার মাধ্যমে ১৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রযুক্তিনির্ভর জ্বালানি রূপান্তরের অংশ হিসেবে কৌশলপত্রে রুফটপ সৌরবিদ্যুৎ, স্মার্ট গ্রিড, ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS), নেট মিটারিং, ওপেক্স (OPEX) মডেল, সৌরচালিত সেচ, ভাসমান সৌরবিদ্যুৎ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বায়ু ও পানি বিদ্যুৎ এবং বৈদ্যুতিক যানবাহনের চার্জিং অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সংরক্ষণ এবং বিতরণ ব্যবস্থাকে আরও দক্ষ ও স্থিতিশীল করার লক্ষ্য নেওয়া হয়েছে।

বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম (BESS)-এ, যা সৌর ও বায়ু বিদ্যুতের মতো অনিয়মিত নবায়নযোগ্য উৎস থেকে উৎপাদিত বিদ্যুৎ সংরক্ষণ করে প্রয়োজন অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করতে সক্ষম। একই সঙ্গে স্মার্ট গ্রিড প্রযুক্তি বিদ্যুতের উৎপাদন, সরবরাহ ও ব্যবহারকে ডিজিটালভাবে নিয়ন্ত্রণ করে গ্রিডের দক্ষতা ও নির্ভরযোগ্যতা বাড়াবে।

পরিবেশগত টেকসই উন্নয়নের অংশ হিসেবে কৌশলপত্রে সৌর প্যানেল ও ব্যবহৃত ব্যাটারির পুনঃপ্রক্রিয়াকরণ (Recycling) এবং ই-বর্জ্য (E-Waste) ব্যবস্থাপনা বাধ্যতামূলক করার ওপর জোর দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তির বিস্তারের সঙ্গে বাড়তে থাকা ইলেকট্রনিক বর্জ্য পরিবেশবান্ধবভাবে ব্যবস্থাপনার জন্য পৃথক নীতিগত উদ্যোগও নেওয়া হবে।

বিনিয়োগ আকর্ষণে কার্বন ক্রেডিট, নবায়নযোগ্য জ্বালানি ফান্ড, সহজশর্তে অর্থায়ন, ক্রেডিট গ্যারান্টি, কর অবকাশ, আমদানি শুল্ক যৌক্তিকীকরণ এবং স্থানীয়ভাবে সৌর প্যানেল, ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উৎপাদনে বিশেষ প্রণোদনার ব্যবস্থাও রাখা হয়েছে। এতে দেশের ক্লিনটেক (CleanTech) শিল্প ও প্রযুক্তিনির্ভর উৎপাদন খাতের বিকাশের সুযোগ তৈরি হবে।

কৌশলপত্র বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে রিয়েল-টাইম অনলাইন মনিটরিং ড্যাশবোর্ড চালু করা হবে। এই ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকল্পের অগ্রগতি, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানির অবদান এবং বাস্তবায়ন পরিস্থিতি পর্যবেক্ষণ করা যাবে। পাশাপাশি আন্তঃমন্ত্রণালয় সমন্বয় সভা এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত জাতীয় পলিসি কাউন্সিল প্রযুক্তিনির্ভর তথ্য বিশ্লেষণের মাধ্যমে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ ও জবাবদিহিতা নিশ্চিত করবে।

এছাড়া নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে প্রশিক্ষণ কার্যক্রম জোরদার এবং অন্তত ৩০ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে, যা দেশের সবুজ প্রযুক্তি খাতে অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রাতে সংসদ সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও পোস্টে এ তথ্য জানানো হয়। ভিডিওতে মন্ত্রী পরিষদের অধিকাংশ সদস্যকেই দেখা গেছে। 

//ডিবিটেক/ সংবাদ/ সম্পাদনা//