১০০ স্কুলে শুরু খান একাডেমি বাংলাদেশ

গণিত শিক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে মাউশির অনুমোদন

  • ১০০ বিদ্যালয়ে প্রকল্প
  • গণিত শিক্ষায় ডিজিটাল সহায়তা
  • চলবে জুন ২০২৭ পর্যন্ত

গণিত শিক্ষায় ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারে মাউশির অনুমোদন
৯ জুলাই, ২০২৬ ২০:২৫  

দেশের মাধ্যমিক পর্যায়ে গণিত শিক্ষাকে আরও প্রযুক্তিনির্ভর ও কার্যকর করতে ৭ জেলার ১০০টি বিদ্যালয়ে ‘খান একাডেমি বাংলাদেশ’ কার্যক্রম বাস্তবায়নের অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এক বছরের এই কর্মসূচি ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত চলবে এবং এতে আর্থিক ও কারিগরি সহযোগিতা দেবে বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশন।

প্রকল্পের আওতায় রয়েছে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চাঁদপুর, কুমিল্লা ও পঞ্চগড় জেলার নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়। ডিজিটাল প্ল্যাটফর্মভিত্তিক গণিত শিক্ষা সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা, শিখনফল উন্নত করা এবং প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ গড়ে তোলাই উদ্যোগটির মূল লক্ষ্য।

মাউশির আদেশ অনুযায়ী, প্রকল্পে গণিত শিক্ষকদের জন্য বিশেষ প্রশিক্ষণ, শিক্ষার্থীদের শেখার অগ্রগতি বাড়াতে খান একাডেমি বাংলাদেশ প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার, বিদ্যালয়ে প্রয়োজনীয় ডিজিটাল ডিভাইস স্থাপন ও প্রযুক্তিগত সহায়তা, শিক্ষার্থীদের জন্য বিশেষ কর্মশালা এবং নিয়মিত মাসিক মনিটরিং ও অগ্রগতি মূল্যায়নের ব্যবস্থা থাকবে।

প্রকল্প বাস্তবায়নে একাধিক শর্তও আরোপ করা হয়েছে। বিদ্যালয় নির্বাচন জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সহায়তায় সম্পন্ন করে মাউশির চূড়ান্ত অনুমোদন নিতে হবে। কোনো অবস্থাতেই নিয়মিত শ্রেণি কার্যক্রম ব্যাহত করা যাবে না এবং জাতীয় বা ধর্মীয় চেতনার পরিপন্থী কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না।

এছাড়া প্রকল্পের মেয়াদ বৃদ্ধি, পরিবর্তন বা পরিমার্জনের জন্য মাউশির পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে। উপজেলা, জেলা, আঞ্চলিক ও কেন্দ্রীয় পর্যায়ের কর্মকর্তারা কার্যক্রম নিয়মিত তদারকি করবেন এবং ত্রৈমাসিক ও বার্ষিক অগ্রগতি প্রতিবেদন অধিদপ্তরে জমা দিতে হবে।

শিক্ষা-প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বিদ্যালয় পর্যায়ে অ্যাডাপটিভ লার্নিং প্ল্যাটফর্ম, ডেটা-ভিত্তিক শিখন বিশ্লেষণ এবং শিক্ষক-সহায়ক ডিজিটাল টুলস ব্যবহারের মাধ্যমে গণিত শিক্ষার মান উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

//ডিবিটেক/ বিটি/ ইকে//