আইসিটি বিভাগের আরএডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
দেশের প্রযুক্তিগত রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। ২৩ মে, শনিবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) পর্যালোচনা সভায় এই নির্দেশনা দেওয়া হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী প্রযুক্তিনির্ভর সেবা সাধারণ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। দেশের ডিজিটাল রূপান্তরকে টেকসই করতে সব সংস্থাকে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভাগের চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বাস্তব অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় আইসিটি বিভাগের বিভিন্ন প্রকল্পের পরিচালকেরা নিজ নিজ প্রকল্পের বর্তমান কাজের অগ্রগতি ও ডিজিটাল রূপরেখা উপস্থাপন করেন। সভায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
/ডিবিটেক/এমজেডইউ/এমইউএম/



