জাতীয় পরিবেশ পদক পেলেন ঢাবির অধ্যাপক ড. আব্দুস সালাম
বায়ুদূষণ, পরিবেশ রসায়ন ও প্রযুক্তিনির্ভর গবেষণার জন্য সম্মাননা
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম জাতীয় পরিবেশ পদক-২০২৫ অর্জন করেছেন। পরিবেশ, বায়ুদূষণ ও প্রযুক্তিনির্ভর গবেষণায় তাঁর অবদানের জন্য এ সম্মাননা দেওয়া হয়েছে।
পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড. আব্দুস সালাম জাতীয় পরিবেশ পদক-২০২৫ অর্জন করেছেন। ৯ জুলাই, বৃহস্পতিবার সকালে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে এ পদক তুলে দেন। অনুষ্ঠানে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুও উপস্থিত ছিলেন।
এ বছর পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন—এই তিনটি ক্যাটাগরিতে তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক দেওয়া হয়। গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে ব্যক্তিগত পর্যায়ে সম্মাননা পান অধ্যাপক ড. আব্দুস সালাম।
পরিবেশ, বায়ুদূষণ ও পরিবেশ রসায়ন বিষয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন অধ্যাপক ড. আব্দুস সালাম। তাঁর গবেষণার গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে বায়ুমণ্ডলের ক্ষতিকর কণার (পার্টিকুলেট ম্যাটার) রাসায়নিক বিশ্লেষণ, বায়ুদূষণের উৎস নির্ণয়, ভারী ধাতু দূষণ, পরিবেশগত ঝুঁকি মূল্যায়ন এবং দূষণ নিয়ন্ত্রণে প্রযুক্তিনির্ভর সমাধান। তাঁর অসংখ্য গবেষণা প্রবন্ধ দেশি-বিদেশি স্বনামধন্য বৈজ্ঞানিক সাময়িকীতে প্রকাশিত হয়েছে এবং পরিবেশবিষয়ক নীতিনির্ধারণ ও গবেষণায় তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব অবদানের স্বীকৃতিতেই তাঁকে জাতীয় পরিবেশ পদক-২০২৫ প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী এবং পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে মো. মনির হোসেন জাতীয় পরিবেশ পদক লাভ করেন।
প্রতিষ্ঠান পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে ক্লাসিকাল হ্যান্ডমেইড প্রোডাক্টস বিডি লিমিটেড, পরিবেশ বিষয়ক শিক্ষা ও প্রচার ক্যাটাগরিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস এবং পরিবেশ বিষয়ক গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবন ক্যাটাগরিতে বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট জাতীয় পরিবেশ পদকে ভূষিত হয়।
জাতীয় পরিবেশ পদক দেশের পরিবেশ সংরক্ষণ, গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং পরিবেশবান্ধব উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
//ডিবিটেক/ডিএইচই/ইকে//





