২ দিন ভার্চুয়াল বিচারে আইনজীবীদের বিক্ষোভ

২ দিন ভার্চুয়াল বিচারে আইনজীবীদের বিক্ষোভ
ফাইল ছবি
২৩ এপ্রিল, ২০২৬ ১২:৪৩  

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট উভয় বিভাগে ২২ এপ্রিল, বুধবার থেকে সপ্তাহে দুইদিন ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনা শুরু হয়েছে। তবে এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে দুইদিন ধরে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও মানববন্ধনের পর কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা।

এরই প্রস্তুতি উপলক্ষে ২৩ এপ্রিল, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট অঙ্গণে বিক্ষোভ মিছিলে ও সমাবেশের ডাক দিয়েছেন তারা। সেই ডাক এখন সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের তৎপরতার মধ্য দিয়েও প্রকাশ পাচ্ছে।

বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সপ্তাহে দুই দিন ভার্চুয়াল বিচারিক কাজ পরিচালনার সিদ্ধান্ত নিলে  সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন প্রাঙ্গণের সামনের চত্বরে ২১ এপ্রিল, মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন বিপুলসংখ্যক আইনজীবী। এরপর বুধবারও নানা কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন আইনজীবীরা। এরই ধারাবাহিক আজ বৃহস্পতিবার বিক্ষোভ সমাবেশ ও মিছিল করার কথা রয়েছে।

এদিকে, অনলাইন পদ্ধতিতে (ভার্চুয়াল) আদালত পরিচালনার সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য এ বিষয়ে প্রধান বিচারপতির সঙ্গে আলোচনা করার অনুরোধ জানিয়ে সাধারণ আইনজীবীরা কথা বলেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকনের সঙ্গেও। এরপর সবই তার পক্ষ থেকে আইনজীবীদের আন্দোলনের বিষয়টি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে জানানো হয়েছিল। তাদের দাবি রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ আবুবক্কর সিদ্দিকী বিষয়টি প্রধান বিচারপতিকে অবহিত করবেন বলেও সমিতিকে জানিয়েছেন। এখন দেখার পালা সুপ্রিম কোর্ট অনলাইন বা ভার্চুয়াল পদ্ধতিতে মামলা পরিচালনা থেকে সরে আসেন কিনা।

এর আগে, গত ১৯ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে সপ্তাহে দুই দিন বুধ ও বৃহস্পতিবার বিচার কাজ অনলাইনে (ভার্চুয়ালি) অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এতে বলা হয়, বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবং জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয় নিশ্চিত করার লক্ষ্যে আদালত কর্তৃক তথ্য প্রযুক্তি ব্যবহার আইন ২০২০ এবং হাইকোর্ট বিভাগে জারি করা প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতি সপ্তাহে দুইদিন হাইকোর্ট বিভাগ ভার্চুয়াল কোর্ট পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এরপর ২১ এপ্রিল সুপ্রিম কোর্টের ভার্চুয়ালি বিচারকার্য পরিচালিত হবে বলে জানানো হয়। এরই ধারাবাহিকতায় বুধবার থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগ অনলাইনে (ভার্চুয়াল) পদ্ধতিতে কার্যক্রম শুরু হয়েছে।

আনলাইনে কোর্ট পরিচালনার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। ভার্চুয়াল আদালতের কার্যক্রম শুরুর আগের দিন মঙ্গলবার এবং শুরুর দিন বুধবার দুপুরে সমিতির ভবন প্রাঙ্গণের বাইরে প্রথমে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন তারা।  

এ সময় বক্তারা বলেন, এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে আইনজীবী নেতাদের সঙ্গে আলোচনা করে মতামত নেওয়া হতো। কিন্তু এবারই প্রথম ভার্চুয়াল আদালত পরিচালনার আগে আইনজীবীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি।

ডিবিটেক/জেএন/ইকে