সামাজিক মাধ্যমে বুলিং নিয়ে যা বললেন জয়া
ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তার অভিনয় দিয়ে দর্শক হৃদয় জয় করে নিয়েছেন। অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও বেশ সরব থাকেন। তার সব কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করে নেন। তবে মাঝে মাঝে কমেন্টবক্স পাওয়া কিছু বার্তা তার ভেতরে কতটা রক্ত ক্ষরণ করে তা প্রকাশ করলেন অবলীলায়।
সামাজিক মাধ্যমে বুলিং প্রশ্নে অভিনেত্রী বলেন, “সামাজিক মাধ্যমে কমেন্টবক্স আমার সেভাবে পড়া হয় না। তবে যখন পড়ি, খারাপ লাগে সেসব মানুষের জন্য, যারা পৃথিবীতে একটা অশোভন কমেন্ট রেখে যাচ্ছেন। যারা বাজে কথা ছড়িয়ে আনন্দ পান, তিনি হয়তো পৃথিবী থেকে একদিন চলে যাবেন, কথাটা কিন্তু থেকে যাবে। তার পাপ হবে, আমার কিছুই হবে না বলে জানান অভিনেত্রী।”
রুম্মান রশীদ খানের সঙ্গে পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’র দ্বাদশ পর্বে নেটিজেনদের দিকে এমন তীর্যক ও গভীর তত্ত্ব ছুঁড়ে দেন জয়া আহসান।
দুই বাংলায় সমান জনপ্রিয় এই অভীনেত্রী মনে করেন, মেধায় নয় পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়ে গেলেই সাফল্য আসবে। আলাপচারিতায় ‘গেরিলা’খ্যাত এই তারকা বলেন, ‘নিজের কাছে নিজেকেই পরীক্ষা দিতে দিতে এগিয়ে যেতে হয়। আসলে ‘মেধা দিয়ে সব হয় না, সাফল্যের জন্য দরকার অদম্য ইচ্ছা।’ অভিনয়ের প্রথম দিকে ক্যামেরার অ্যাঙ্গেলও চিনতাম না। গুণী নির্মাতাদের সান্নিধ্য ও পরিশ্রমের ফলেই আজকের অবস্থান।’
অভিনয় জীবন নিয়ে তিনি আরো বলেন, অভিনয় জীবনের অনেক বছর আমি, ক্যামেরার অ্যাঙ্গেলই চিনতাম না। গুণী নির্মাতাদের দক্ষ নির্দেশনার কারণে এখন হয়তো অভিনয়ের অ, আ, ক, খ শিখতে পেরেছি।
আলাপে তিনি আরো জানান, পুরোনোকে ভালোবাসেন জয়া আহসান। তাই পুরোনোকে সবসময় আঁকড়ে ধরে থাকেন। তার বাসায় প্রায় ২০০ বছরের পুরোনো আলমিরা রয়েছে। যে খাটে জয়া আহসানের জন্ম, সেই খাটটি এখনো তার বাড়িতে সংরক্ষিত, যা সবাইকে অবাক করেছে। পুরোনো প্রসঙ্গে উঠতেই জয়া আহসান বলেন, আমি পুরোনোতে বাঁচি, যা কিছু পুরোনো, তা শুধু অতীত নয়; অতীত আমার কাছে তার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। অতীত সবসময় বর্তমান ও ভবিষ্যতের সেতুবন্ধ বলেও জানান অভিনেত্রী। তার প্রযোজনা সংস্থা সি তে সিনেমা থেকে একাধিক সিনেমা নির্মিত হচ্ছে, খুব শিগগিরই মুক্তি পাবে।
প্রসঙ্গত, ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টটি প্রযোজনা করেছেন জেড আই ফয়সাল। অনুষ্ঠানটি প্রচার হবে শনিবার (১৮ অক্টোবর) রাত ৯টায়, মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে।



