ই-ভিসা, আন্তঃসীমান্ত ব্যাংকিং, সরাসরি বিমান যোগাযোগ ও প্রযুক্তিনির্ভর বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণে গুরুত্ব

ডিজিটাল বাণিজ্য জোরদারে বাংলাদেশ-তাজিকিস্তানের নতুন উদ্যোগ

বাংলাদেশ সফররত তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সিআইএস-বিসিসিআইর বৈঠকে ডিজিটাল বাণিজ্য, ই-ভিসা, আন্তঃসীমান্ত ব্যাংকিং, সরাসরি বিমান যোগাযোগ এবং প্রযুক্তিনির্ভর অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগে নতুন সম্ভাবনা তৈরিতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

ডিজিটাল বাণিজ্য জোরদারে বাংলাদেশ-তাজিকিস্তানের নতুন উদ্যোগ
৮ জুলাই, ২০২৬ ১৫:১৯  

বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে প্রযুক্তিনির্ভর বাণিজ্য, ডিজিটাল সংযোগ এবং বিনিয়োগ সহযোগিতা জোরদারের লক্ষ্যে একাধিক উদ্যোগ নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে ব্যবসাবান্ধব ই-ভিসা চালু, আন্তঃসীমান্ত ব্যাংকিং সংযোগ, সরাসরি বিমান যোগাযোগ এবং তথ্যভিত্তিক বাণিজ্য সহযোগিতা সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

৮ জুলাই, বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ সফররত তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে সিআইএস-বিসিসিআইর সভাপতি যাদব দেবনাথ ও পরিচালনা পর্ষদের বৈঠকে এসব বিষয় উঠে আসে।

বৈঠকে বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের পাশাপাশি বেসরকারি খাতের অংশগ্রহণ বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক সংযোগ এবং নতুন বাজার তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

তাজিক প্রতিনিধিদল বাংলাদেশ থেকে আমদানি বাড়ানো, যৌথ বিনিয়োগ, প্রযুক্তি বিনিময় এবং ব্যবসায়িক সহযোগিতা সহজতর করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

সিআইএস-বিসিসিআইর সভাপতি যাদব দেবনাথ বলেন, বাংলাদেশ ও সিআইএসভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধিতে চেম্বারটি দীর্ঘদিন ধরে কাজ করছে। তিনি পর্যটন, ওষুধ শিল্প, পাট ও পাটজাত পণ্য, আতিথেয়তা, জ্বালানি, তুলা এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ খাতে প্রযুক্তিনির্ভর সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, টেকসই অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে তাজিকিস্তানের সরকার ও ব্যবসায়ী মহলের সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় সিআইএস-বিসিসিআই।

বৈঠকে বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য সহজ, দ্রুত ও ব্যবসাবান্ধব ই-ভিসা ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে নিরাপদ ও কার্যকর আন্তঃসীমান্ত আর্থিক লেনদেন নিশ্চিত করতে বাংলাদেশে তাজিকিস্তানের ব্যাংকের শাখা বা প্রতিনিধি কার্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

উভয় দেশের মধ্যে সরাসরি বিমান যোগাযোগ চালুর প্রস্তাবও উপস্থাপন করা হয়। এতে বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং জনগণের পারস্পরিক যোগাযোগ আরও সহজ হবে বলে মত প্রকাশ করা হয়।

বৈঠকে ব্যবসায়ী প্রতিনিধি দল বিনিময়, ডিজিটাল বাণিজ্য তথ্য আদান-প্রদান এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সিআইএস-বিসিসিআই এবং তাজিকিস্তানের চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে নীতিগত সম্মতি হয়।

আলোচনায় উভয় পক্ষ আশা প্রকাশ করে, প্রযুক্তিনির্ভর এসব উদ্যোগ বাংলাদেশ ও তাজিকিস্তানের মধ্যে দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অংশীদারিত্ব এবং বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

বৈঠকে তাজিকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী ইদিবেক কালান্দারের পাশাপাশি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, তাজিকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস. এম. মাহবুবুল আলম এবং সিআইএস-বিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি তৌহিদা সুলতানা, উপদেষ্টা মাহবুব ইসলাম রুনু, এম. এস. সিদ্দিকী ও পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

//ডিবিটেক/বিএনএন/ইকে//