সংবাদ সম্মেলনে লোগো ও উৎসবের বিস্তারিত প্রকাশ; বিজয়ী তরুণদের জন্য থাকছে দেড় লাখ টাকার পুরস্কার

ফ্রন্টিয়ার টেকনোলজি ইউনিভার্সিটিতে রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’ আগামী ৮ আগস্ট

দেশের উদীয়মান তরুণদের প্রযুক্তিগত উদ্ভাবন, সৃজনশীলতা এবং রোবোটিক্সে দক্ষতা বিকাশের লক্ষ্যে আগামী ৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবোটিক্স উৎসব ‘Robofusion 1.0’। ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর রোবোটিক্স ক্লাবের উদ্যোগে আয়োজিত এই মেগা উৎসব উপলক্ষে আজ ৭ জুলাই এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগ ও পুরস্কারের তথ্য বিস্তারিত প্রকাশ করা হয়।

ফ্রন্টিয়ার টেকনোলজি ইউনিভার্সিটিতে রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’ আগামী ৮ আগস্ট
৭ জুলাই, ২০২৬ ১৫:৫৫  

দেশের তরুণ প্রজন্মের প্রযুক্তিগত মেধা ও রোবোটিক্সের দক্ষতা উন্মোচনের মঞ্চ তৈরি করতে আগামী৮ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে অন্যতম বৃহৎ প্রযুক্তি উৎসব ‘Robofusion 1.0’। ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর রোবোটিক্স ক্লাবের উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়েছে। আসন্ন এই মেগা আয়োজন উপলক্ষে ৭ জুলাই, মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এবারের আয়োজনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “Innovate, Create, Automate”। এই মহোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান (এমপি), ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট (NDM)-এর চেয়ারম্যান ববি হাজ্জাজ এবং সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি (এমপি)। তরুণদের অনুপ্রাণিত করতে দেশের এক জনপ্রিয় শিক্ষাউদ্যোক্তাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউএফটিবি-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, উৎসবের আহ্বায়ক জনাব আশিকুচ্ছালেহীন, সদস্য জনাব মো. আশরাফুজ্জামান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (জনসংযোগ) জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম।

উৎসবের বিভিন্ন দিক তুলে ধরে আহ্বায়ক জনাব আশিকুচ্ছালেহীন জানান, সারা দেশ থেকে ৫০০-এরও বেশি শিক্ষার্থী, প্রকৌশলী ও প্রযুক্তিপ্রেমীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রতিযোগীদের দক্ষতা যাচাইয়ের জন্য পুরো উৎসবটিকে ৫টি বিভাগে ভাগ করা হয়েছে:

  • লাইন ফলোয়িং রোবট (LFR): নির্ধারিত ট্র্যাকে স্বয়ংক্রিয়ভাবে রোবট পরিচালনার প্রতিযোগিতা।

  • রোবো সকার (Robo Soccer): রোবটের মাধ্যমে প্রতিযোগিতামূলক ফুটবল খেলা।

  • বোট রেসিং (Boat Racing): জলপথে রোবোটিক নৌযানের গতিময় প্রতিযোগিতা।

  • প্রজেক্ট শোকেস (Project Showcase): তরুণ উদ্ভাবকদের প্রযুক্তিনির্ভর প্রকল্প ও গবেষণা প্রদর্শনী।

  • টেকাথন (Techathon): কোডিং ও বাস্তব সমস্যার তাৎক্ষণিক সমাধানভিত্তিক প্রতিযোগিতা।

প্রতিযোগিতার বিজয়ীদের জন্য সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকারও বেশি অর্থ পুরস্কার হিসেবে রাখা হয়েছে। জনাব আশিকুচ্ছালেহীন আরও উল্লেখ করেন, ইউএফটিবি রোবোটিক্স ক্লাব গত এক বছরে পিসিবি ডিজাইন, আইওটি, হাইব্রিড ভেহিকল কর্মশালা এবং বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (BIIN)-এর সঙ্গে সমঝোতা স্মারকসহ নানা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে। এই ধারাবাহিকতায় ‘Robofusion 1.0’ চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ করতে বড় ভূমিকা রাখবে।

উৎসবে অংশগ্রহণের জন্য নিবন্ধন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। দর্শনার্থী হিসেবে স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ইউনিফর্ম ও আইডি কার্ড প্রদর্শন করে অনুষ্ঠানে অংশ নিতে পারবে।

//ডিবিটেক/এসআই/ইকে//