৩০ জুনের মধ্যে সার্ভারে আপলোড করতে হবে ভোটের তথ্য
আগামী ৩০ জুনের মধ্যে যেসব নাগরিকদের ভোটার নিবন্ধন ফরম-২ ডাটাবেইজ নেই তা আপলোড করার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ২৮ মার্চ, শনিবার ইসির এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা এ বিষয়টি নিশ্চিত করেন।
তারা জানান, ভোটার নিবন্ধন ফরম-২ ডাটাবেইজ থাকলে নাগরিকদের তথ্যের সঠিকতা যাচাই সহজ হবে। এতে একদিকে এনআইডি’র তথ্য সংশোধনে যেমন নাগরিকদের ভোগান্তি কমবে, অন্যদিকে আমাদেরও সিদ্ধান্ত নিতে সহজ হবে।
এ বিষয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির জানান, নির্বাচন শেষ হওয়ার পর থেকেই মাঠ কার্যালয়ে নিবন্ধন ফরম-২ স্ক্যান কার্যক্রম চলমান রয়েছে। দ্রুততম সময়ে আপলোডের জন্য একটি সফটওয়্যারও প্রস্তুত করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে ফরম-২ আপলোড কার্যক্রম সম্পন্ন করার জন্য নির্দেশনাও দেওয়া হয়েছে।
ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ১২০ জন।
ডিবিটেক/এসআই/এমইউএম



