এক স্থানেই হবে কৃষিপণ্য শোধন, প্যাকিং ও কোয়ারেন্টাইন; রপ্তানিতে চালু হচ্ছে ওয়ান-স্টপ সেবা

গাবতলীর ভিএইচটি সেন্টারে চালু হচ্ছে কোয়ারেন্টাইন অফিস

কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, রাজধানীর গাবতলীর ভ্যাপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) সেন্টারে আগামীকাল থেকে কোয়ারেন্টাইন অফিস চালু হবে। এর ফলে একই স্থানে কৃষিপণ্যের শোধন, প্যাকিং ও কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি রপ্তানি করা যাবে।

গাবতলীর ভিএইচটি সেন্টারে চালু হচ্ছে কোয়ারেন্টাইন অফিস
৬ জুলাই, ২০২৬ ১৮:০১  

কৃষিপণ্য রপ্তানির প্রক্রিয়া সহজ করতে রাজধানীর গাবতলীর ভ্যাপার হিট ট্রিটমেন্ট (ভিএইচটি) সেন্টারে আগামীকাল থেকে কোয়ারেন্টাইন অফিস চালু হচ্ছে। এর মাধ্যমে একই স্থানে কৃষিপণ্যের শোধন, প্যাকিং ও কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি বিমানবন্দরে পাঠানো যাবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

৬ জুলাই, সোমবার রাজধানীর গাবতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন স্থাপিত ভিএইচটি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃষিপণ্য রপ্তানিতে ওয়ান-স্টপ সেবা চালু করা হচ্ছে। আগামীকাল থেকে ভিএইচটি সেন্টারে কৃষিপণ্য আনা, ধোয়া, প্যাকিং এবং কোয়ারেন্টাইন সম্পন্ন করে সরাসরি রপ্তানির জন্য পাঠানো যাবে।

তিনি জানান, রপ্তানিকৃত ফল বিমানবন্দরে সংরক্ষণের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্বল্পমেয়াদি সংরক্ষণাগার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আমসহ দ্রুত নষ্ট হওয়া কৃষিপণ্যের গুণগত মান সংরক্ষণ করা সহজ হবে।

কৃষিমন্ত্রী বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের কাঁঠাল আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে এবং পরীক্ষামূলকভাবে কিছু কাঁঠাল আমদানি করেছে। এছাড়া জাপান, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আম আমদানিতে আগ্রহ দেখিয়েছে। আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য বিশ্বমানের প্যাকিং ও কোয়ারেন্টাইন ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

তিনি জানান, দেশে বর্তমানে বছরে প্রায় ২৬ লাখ টন আম উৎপাদিত হলেও অভ্যন্তরীণ বাজারে চাহিদার সীমাবদ্ধতায় অনেক কৃষক ন্যায্যমূল্য পান না। তাই কৃষিপণ্য রপ্তানি বাড়ানোর ওপর সরকার গুরুত্ব দিচ্ছে।

রপ্তানি ব্যয় কমানোর বিষয়ে মন্ত্রী বলেন, বাংলাদেশ বিমানের সঙ্গে ইতোমধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক উড়োজাহাজ সংস্থার সঙ্গে কার্গো সুবিধা সম্প্রসারণ এবং আগাম কার্গো স্থান সংরক্ষণের বিষয়েও আলোচনা করা হবে।

তিনি আরও বলেন, শুধু আম নয়, লিচু, কাঁঠাল, বরই, টমেটো, পেঁপে ও মিষ্টি আলুসহ বিভিন্ন কৃষিপণ্যও ভিএইচটি সেন্টারের মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে রপ্তানি করা সম্ভব হবে।

কৃষিপণ্য সংরক্ষণের জন্য সারা দেশে কয়েক হাজার ক্ষুদ্র শীতাতপ নিয়ন্ত্রিত সংরক্ষণাগার স্থাপনের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তাঁর মতে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত হওয়ার পাশাপাশি সারা বছর স্থিতিশীল দামে কৃষিপণ্য সরবরাহ করা সম্ভব হবে।

রপ্তানিকারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে আস্থা অর্জনের জন্য বিদেশি ক্রেতাদের দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে সরকার কৃষিপণ্য রপ্তানিতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তিনি আশ্বাস দেন।

তিনি গণমাধ্যমকে কৃষিপণ্য রপ্তানির সম্ভাবনা তুলে ধরে ইতিবাচক প্রচারের মাধ্যমে কৃষকদের উৎসাহিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সচিব ড. রফিকুল ই মোহামেদ।

//ডিবিটেক/এমজেএইচ/ইকে//