শ্যাম্পু থেকে কুকিজ: এআইয়ের ছোঁয়ায় বদলে যাচ্ছে নিত্যব্যবহার্য পণ্য

শ্যাম্পু থেকে কুকিজ: এআইয়ের ছোঁয়ায় বদলে যাচ্ছে নিত্যব্যবহার্য পণ্য
৬ জুলাই, ২০২৬ ১৩:৫৩  

নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদনকারী বৈশ্বিক কোম্পানিগুলো এখন তাদের পণ্য উদ্ভাবন, উৎপাদন খরচ কমানো এবং নতুন ফর্মুলা তৈরির কাজে ব্যাপকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করছে। ফরাসি কসমেটিকস জায়ান্ট লরিয়াল থেকে শুরু করে ক্যাডবেরি ও ওরিও বিস্কুটের মূল প্রতিষ্ঠান মোনডেলিজে- সবখানেই এখন পণ্য তৈরিতে বড় রূপান্তর আনছে এআই।

লরিয়ালের কনজ্যুমার প্রোডাক্টস ইউনিটের প্রেসিডেন্ট ফ্যাব্রিচ মেগারবেন রয়টার্সকে জানিয়েছেন, লরিয়াল তাদের স্কিনকেয়ার বা ত্বকের যত্ন নেওয়ার প্রোডাক্টে ব্যবহৃত অণুগুলোকে শ্যাম্পুতে কীভাবে কাজে লাগানো যায়, তা এআই-এর মাধ্যমে সফলভাবে শনাক্ত করেছে। এর ফলে কোম্পানিটি আগের চেয়ে চার গুণ দ্রুত গতিতে নতুন পণ্য উদ্ভাবন বা ফর্মুলেশন করতে পারছে।

শুধু লরিয়ালই নয়, নেসক্যাফের মালিকানাধীন নেসলে, সেনসোডাইন টুথপেস্টের প্রস্তুতকারক হ্যালিওন এবং চকলেট ও বিস্কুট নির্মাতা মোনডেলিজের মতো শীর্ষস্থানীয় বৈশ্বিক কোম্পানিগুলো এখন পণ্য উদ্ভাবনে এআই ব্যবহার করছে। এটি তাদের উপাদানের কার্যকারিতা দ্রুত পরীক্ষা করতে, নতুন রেসিপির আইডিয়া তৈরি করতে এবং সরবরাহ শৃঙ্খলের (সাপ্লাই চেইন) দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে দারুণ সাহায্য করছে।

গত জুনের শেষের দিকে ভিয়েনায় অনুষ্ঠিত ‘কনজ্যুমার গুডস ফোরাম গ্লোবাল সামিট’-এ ফ্যাব্রিচ মেগারবেন বলেন, "অণুগুলোর নতুন নতুন সংমিশ্রণ এবং সেগুলোর কার্যকারিতা এআই দিয়ে আগে থেকেই অনুমান করার ফলে আমরা অনেক দ্রুত পণ্য বাজারে ছাড়তে পারছি।" 

লরিয়ালের সাম্প্রতিক একটি বড় উদ্ভাবন হলো স্কিনকেয়ারের কোলাজেন অণুকে শ্যাম্পুতে ব্যবহার করা, যা চুলকে আরও ঘন ও প্রাণবন্ত (লিফট অ্যান্ড ফুলনেস) করে তোলে। মূলত লরিয়ালের বিক্রির গতি কিছুটা ঝিমিয়ে পড়ার পর, গত বছর প্রতিষ্ঠানটির সিইও নিকোলাস হিরোনিমাস উদ্ভাবনের গতি বাড়াতে একটি বিশেষ "বিউটি স্টিমুলাস প্ল্যান" চালু করেন, যার অন্যতম প্রধান হাতিয়ার এই এআই।

অন্যদিকে, চকলেট ও স্ন্যাকস নির্মাতা মোনডেলিজের প্রধান তথ্য ও ডিজিটাল কর্মকর্তা ফিলিপ্পো ক্যাটালানো রয়টার্সকে বলেন, "মানুষের মেধার সাথে এআই-এর এই সংমিশ্রণ আমাদের জন্য একটি ‘গেম-চেঞ্জার’ বা যুগান্তকারী পদক্ষেপ।"

ক্যাডবেরি এবং টোবলারোনের মতো বিখ্যাত চকলেটের মালিক এই প্রতিষ্ঠানটি জানায়, তাদের এআই টুলটি সম্পূর্ণ নতুন এবং অপ্রচলিত (আউট-অফ-দ্য-বক্স) সব রেসিপির আইডিয়া তৈরি করতে পারে, যা পরবর্তীতে মানুষের দ্বারা যাচাই করা হয়। এই প্রযুক্তির সহায়তায় মোনডেলিজ ইতিমধ্যেই তাদের ‘গ্লুটেন ফ্রি গোল্ডেন ওরিও’ কুকিজ এবং ‘চিপস এহয়’ কুকিজের নতুন ও উন্নত রেসিপি তৈরি করেছে। বিস্কুট ক্যাটাগরিতে এআই টুল দিয়ে তৈরি প্রায় ৬০ শতাংশ রেসিপি পুষ্টিগুণ, স্থায়িত্ব এবং সাশ্রয়ী খরচের দিক থেকে সাধারণ রেসিপির চেয়ে অনেক বেশি কার্যকর প্রমাণিত হয়েছে।

ফিলিপ্পো ক্যাটালানো বলেন, "এআই মূলত এমন এক ক্ষমতা যা আমাদের আগের কাজগুলোর গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যে ফর্মুলা তৈরি করতে আগে কয়েক মাস বা বছর লেগে যেত, এআই-এর কল্যাণে তা এখন মাত্র কয়েক সপ্তাহ বা মাসে সম্পন্ন করা সম্ভব হচ্ছে।"

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স