জেমিনিতে অন্য চ্যাটবটের চ্যাট হিস্টোরি আনার সুবিধা চালু

জেমিনিতে অন্য চ্যাটবটের চ্যাট হিস্টোরি আনার সুবিধা চালু
২৯ মার্চ, ২০২৬ ১২:৫৭  

গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট জেমিনিতে নতুন ফিচার যুক্ত হয়েছে। এখন ব্যবহারকারীরা অন্য যেকোনো এআই চ্যাটবটে সংরক্ষিত তাদের চ্যাট ইতিহাস ইমপোর্ট করতে পারবেন। ফলে সহজেই এআই সেবা পরিবর্তন করে জেমিনিতে আসা সম্ভব হবে। খবর জিএসএম এরিনা।

‘ইমপোর্ট মেমরি ইন জেমিনি’ বাটনে ক্লিক করলে একটি প্রম্পট তৈরি হবে, যা ব্যবহারকারীদের পূর্ববর্তী চ্যাটবটে পেস্ট করতে হবে। সেই চ্যাটবটের উত্তরটি কপি করে জেমিনির ইমপোর্ট টুলের টেক্সট বক্সে পেস্ট করলেই তথ্য জেমিনিতে সংযোজিত হবে। এরপর জেমিনি ব্যবহারকারীর পছন্দ, আগ্রহ ও পূর্বের কথোপকথন সম্পর্কে ধারণা পেয়ে আরও প্রাসঙ্গিক ও ব্যক্তিগতকৃত উত্তর দিতে পারবে।

চ্যাট হিস্টোরি জিপ ফাইল আকারেও আপলোড করা যাবে। জেমিনি পাঁচ গিগাবাইট পর্যন্ত জিপ ফাইল সমর্থন করে। তবে প্রজেক্ট ফাইল বা অন্য কোনো সংযুক্তি ইমপোর্ট করতে পারবে না জেমিনি।

গুগলের এই পদক্ষেপকে এআই চ্যাটবটের ব্যবহারকারী ধরে রাখার প্রতিযোগিতায় নতুন কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সাধারণত একটি এআই সেবা থেকে অন্য সেবায় স্যুইচ করলে পূর্ববর্তী কথোপকথন ও পছন্দ-অপছন্দ সংক্রান্ত তথ্য পুনরায় সংরক্ষণ করতে হয়। জেমিনির এই ফিচার ব্যবহারকারীদের জন্য সেবা পরিবর্তন সহজ করবে।

মার্চের শুরুতে চালু হওয়া এই ফিচারটি বর্তমানে ডেস্কটপ সংস্করণে পাওয়া যাচ্ছে। মোবাইল অ্যাপেও দ্রুত চালু করার পরিকল্পনা রয়েছে গুগলের।

ডিবিটেক/বিএমটি