কমকাস্টের স্কাইয়ের কাছে ২১৩ কোটি ডলারে মিডিয়া ইউনিট বিক্রি করছে আইটিভি

কমকাস্টের স্কাইয়ের কাছে ২১৩ কোটি ডলারে মিডিয়া ইউনিট বিক্রি করছে আইটিভি
৬ জুলাই, ২০২৬ ১৬:৫৬  

ব্রিটিশ সম্প্রচার মাধ্যম আইটিভি সোমবার জানিয়েছে, তারা তাদের মিডিয়া অ্যান্ড এন্টারটেইমেন্ট (মাধ্যম ও বিনোদন) বিভাগটি মার্কিন ক্যাবল জায়ান্ট কমকাস্টের মালিকানাধীন স্কাইয়ের কাছে ১৬০ কোটি পাউন্ড বা ২১৩ কোটি মার্কিন ডলারে (বাংলাদেশী মুদ্রায় প্রায় ২৫ হাজার কোটি টাকা) বিক্রি করতে সম্মত হয়েছে।

এই চুক্তির আওতায়, আইটিভি নগদ ১২০ কোটি পাউন্ড পাবে। এছাড়া ২০২৭ অর্থবছরে তাদের বিজ্ঞাপন খাতের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আরও ২০ কোটি পাউন্ড পর্যন্ত বোনাস (আর্ন আউট) পেতে পারে। পাশাপাশি, জনপ্রিয় রিয়্যালিটি শো "দ্য গ্রেট ব্রিটিশ বেক অফ"-এর নির্মাতা প্রতিষ্ঠান ‘লাভ প্রোডাকশনস’-এর মালিকানা আইটিভি-র কাছেই থাকবে, যা তাদের অবশিষ্ট ‘আইটিভি স্টুডিওস’ ব্যবসার সাথে যুক্ত হবে বলে কোম্পানি দুটি যৌথভাবে নিশ্চিত করেছে।

স্কাই-এর প্রধান নির্বাহী (সিইও) ডানা স্ট্রং এই চুক্তিকে ব্রিটিশ গণমাধ্যম জগতের জন্য একটি "ঐতিহাসিক ও যুগান্তকারী মুহূর্ত" হিসেবে অভিহিত করেছেন।

যুক্তরাজ্যের সবচেয়ে বড় ফ্রি-টু-এয়ার (বিনামূল্যে দেখার উপযোগী) বাণিজ্যিক গণমাধ্যম আইটিভি এবং পে-টিভি (টাকা দিয়ে দেখার টেলিভিশন) কোম্পানি স্কাই-এর এই একত্রীকরণ মাত্র কয়েক বছর আগেও অভাবনীয় ছিল। তবে ইউটিউব এবং নেটফ্লিক্স, অ্যামাজন ও ডিজনির মতো ওটিটি বা স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর ব্যাপক জনপ্রিয়তার কারণে ঐতিহ্যবাহী বড় বড় ব্রডকাস্টারগুলো নিজেদের টিকিয়ে রাখতে এবং ব্যবসার পরিধি বাড়াতে এখন একজোট হতে বাধ্য হচ্ছে।

ডানা স্ট্রং বলেন, "স্কাই এবং আইটিভি মিডিয়া ও এন্টারটেইমেন্টকে একসাথে নিয়ে আসা মানে হলো ফ্রি-টু-এয়ার টেলিভিশন, পে-টিভি এবং স্ট্রিমিংয়ের সেরা সংমিশ্রণ। এর মাধ্যমে দ্রুত পরিবর্তনশীল এই বিশ্বে যুক্তরাজ্যের দর্শকেরা দারুণ সব ব্রিটিশ অনুষ্ঠান উপভোগ করা চালিয়ে যেতে পারবেন। আইটিভি ব্রিটিশ সংস্কৃতির কেন্দ্রে একটি পাবলিক সার্ভিস ব্রডকাস্টার হিসেবেই বহাল থাকবে।"

এই চুক্তির পর আইটিভি এখন একটি স্বাধীন প্রোডাকশন বা অনুষ্ঠান নির্মাণকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। তারা নতুন এই সম্মিলিত আইটিভি-স্কাই প্ল্যাটফর্মের পাশাপাশি বিশ্বব্যাপী অন্যান্য ব্রডকাস্টার ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য অনুষ্ঠান ও শো তৈরি করবে। এছাড়া, নতুন এই সম্মিলিত আইটিভি এমঅ্যান্ডই এবং স্কাই ২০২৮ থেকে ২০৩২ সালের মধ্যে অনুষ্ঠান ও কন্টেন্ট তৈরিতে ন্যূনতম ২১০ কোটি পাউন্ড ব্যয়ের প্রতিশ্রুতি দিয়েছে।

ডিবিটেক/বিএমটি    ।    সূত্র: রয়টার্স