মেটানো হবে কার্ড সংক্রান্ত আপত্তি ও অভিযোগ, নতুন কমিটিতে ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার প্রাধান্য

৫ জ্যেষ্ঠ সাংবাদিককে নিয়ে ১১ সদস্যের প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন

৫ জ্যেষ্ঠ সাংবাদিকসহ অন্যান্য কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করে ১১ সদস্যের প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল রবিবার জারি করা এক অফিস আদেশের মাধ্যমে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫ অনুযায়ী এই কমিটি গঠন করা হয়।

৫ জ্যেষ্ঠ সাংবাদিককে নিয়ে ১১ সদস্যের প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন
৫ জুলাই, ২০২৬ ২৩:৩৫  

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সাংবাদিক আতিকুর রহমান রুমনসহ ৫ জ্যেষ্ঠ সাংবাদিককে অন্তর্ভুক্ত করে ১১ সদস্যের প্রেস অ্যাক্রিডিটেশন কমিটি পুনর্গঠন করা হয়েছে। গতকাল রবিবার (৫ জুলাই) প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা-২০২৫-এর উপ-অনুচ্ছেদ ৪.১ অনুযায়ী এই কমিটি পুনর্গঠন সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

কমিটিতে অন্তর্ভুক্ত হওয়া অন্য ৪ জ্যেষ্ঠ সাংবাদিক হলেন—ডিইউজে-বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, জেডনিউজডটনিউজের নির্বাহী সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, একাত্তর টেলিভিশনের সিইও ও হেড অব নিউজ মো. শফিকুল ইসলাম এবং নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের বিশেষ প্রতিনিধি উম্মে মারুফা।

তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদের সভাপতিত্বে পুনর্গঠিত এই কমিটিতে সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তথ্য অধিদপ্তরের সিনিয়র উপ-প্রধান তথ্য অফিসার (প্রটোকল)। কমিটির অন্য সরকারি সদস্যরা হলেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (প্রেস-২) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব।

অফিস আদেশে বলা হয়েছে, এই কমিটি প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ছাড়া কার্ড সংক্রান্ত যেকোনো আপত্তি, অভিযোগ, শুনানি ও নিষ্পত্তির দায়িত্বও এই কমিটির ওপর ন্যস্ত থাকবে। একই সাথে প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালায় প্রয়োজনীয় সংযোজন, সংশোধন ও পরিমার্জনের বিষয়েও এই কমিটি সুপারিশ করবে।

২০২৫ সালে নতুন প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা প্রণয়ন করা হয়। ওই নীতিমালায় স্থায়ী ও অস্থায়ী কার্ডের বদলে একই ধরনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার বিধান রাখা হয়। নীতিমালা অনুযায়ী, প্রতিটি কার্ডের মেয়াদ হবে তিন বছর। একটি সংবাদ প্রতিষ্ঠান তার সাংবাদিকদের সর্বোচ্চ ৩০ শতাংশের জন্য অ্যাক্রিডিটেশন কার্ডের আবেদন করতে পারবে, তবে যেকোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্ড পাওয়ার সর্বোচ্চ সীমা হবে ১৫ জন। নীতিমালায় জেলা পর্যায়ের সাংবাদিকদের জেলা থেকেই কার্ড দেওয়ার ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

এর আগে গত ২০ মে সরকারের পক্ষ থেকে প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি পুনর্গঠন করা হয়েছিল।

//ডিবিটেক/বিএসআই/এসএমআই//