নাগরিক সেবায় নতুন দিগন্ত খুলছে ‘রংপুর ডায়েরি’

রংপুরের নাগরিকদের জন্য সরকারি-বেসরকারি সেবার তথ্য, জরুরি সেবা এবং নাগরিক অভিযোগ ব্যবস্থাপনা এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে ‘রংপুর ডায়েরি’। স্থানীয় উদ্যোক্তা এম এ রশিদের এই উদ্যোগ তথ্যপ্রাপ্তি সহজ করার পাশাপাশি সুশাসন ও নাগরিক অংশগ্রহণ বাড়াতে কাজ করছে।

নাগরিক সেবায় নতুন দিগন্ত খুলছে ‘রংপুর ডায়েরি’
৩ জুলাই, ২০২৬ ১২:১৯  

প্রযুক্তিনির্ভর জনসেবা নিশ্চিত করতে রংপুরে চালু হয়েছে তথ্যভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘রংপুর ডায়েরি’। স্থানীয় তরুণ উদ্যোক্তা এম এ রশিদের উদ্যোগে গড়ে ওঠা এই প্ল্যাটফর্মের লক্ষ্য হলো নাগরিকদের জন্য প্রয়োজনীয় সরকারি ও বেসরকারি তথ্য এক জায়গায় সহজলভ্য করা এবং জনভোগান্তি কমানো।

উদ্যোক্তাদের ভাষ্য অনুযায়ী, মৌলিক তথ্য পাওয়া প্রতিটি নাগরিকের অধিকার। সেই লক্ষ্য থেকেই ‘রংপুর ডায়েরি’ একটি সমন্বিত অনলাইন তথ্যভান্ডার হিসেবে কাজ করছে, যেখানে সরকারি ও বেসরকারি দপ্তর, আদালত, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, দর্শনীয় স্থান, স্থানীয় গণমাধ্যম এবং অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিসসহ জরুরি সেবার তথ্য সংরক্ষণ করা হয়েছে।

এতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানি বা মধ্যস্বত্বভোগীর শরণাপন্ন না হয়ে দ্রুত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে পারছেন। ফলে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি নাগরিক সেবাও আরও সহজ হচ্ছে।

প্ল্যাটফর্মটিতে নাগরিকরা কবিতা, গল্প ও অন্যান্য সাহিত্যকর্ম প্রকাশের পাশাপাশি নিজ এলাকার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগও তুলে ধরতে পারছেন। এসব অভিযোগ ও পরামর্শ ডিজিটাল মাধ্যমে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়ে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে, যা তৃণমূল পর্যায়ে সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে।

উদ্যোক্তা এম এ রশিদ বলেন, “আমি চাই সাধারণ মানুষ যেন খুব সহজেই তাদের অধিকার সম্পর্কে বলতে পারেন এবং ঘরে বসেই প্রয়োজনীয় তথ্য ও সমস্যার সমাধান খুঁজে পান। ‘রংপুর ডায়েরি’ এমন একটি সেবামূলক প্ল্যাটফর্ম হবে, যেখানে প্রত্যন্ত অঞ্চলের মানুষও নাগরিক সেবার পূর্ণ সুবিধা পাবেন।”

বর্তমানে প্ল্যাটফর্মটির ডেটাবেজ সমৃদ্ধ করার কাজ চলমান রয়েছে এবং নিয়মিত নতুন তথ্য সংযোজন করা হচ্ছে। উন্মুক্ত হওয়ার পর থেকেই ‘রংপুর ডায়েরি’ রংপুরের নাগরিকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।
//ডিবিটেক/এপিএন/ইকে//