ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, উড্ডয়নের পর ঢাকায় ফিরে এলো নভোএয়ারের কক্সবাজারগামী ফ্লাইট

ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর নিরাপত্তাজনিত প্রটোকল অনুসরণ করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে। পরে যাত্রীদের বিকল্প উড়োজাহাজে কক্সবাজারে পাঠানো হয়।

ল্যান্ডিং গিয়ারে ত্রুটি, উড্ডয়নের পর ঢাকায় ফিরে এলো নভোএয়ারের কক্সবাজারগামী ফ্লাইট
৩ জুলাই, ২০২৬ ২৩:৪৩  

ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় ঢাকা থেকে কক্সবাজারগামী নভোএয়ারের একটি ফ্লাইট উড্ডয়নের কিছুক্ষণ পর নিরাপদে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে এসেছে।

 ২৬ জুন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ‘ভিকিউ-৯৩৫’ ফ্লাইটটি কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করে। উড্ডয়নের পর পাইলট ল্যান্ডিং গিয়ারে সমস্যা শনাক্ত করলে প্রতিষ্ঠানের নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে বিমানটি ঢাকায় ফিরিয়ে আনা হয়।

নভোএয়ারের এক মুখপাত্র জানান, ল্যান্ডিং গিয়ারে ত্রুটি ধরা পড়ার পর পাইলট তাৎক্ষণিকভাবে বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন। পরে যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে করে নিরাপদে কক্সবাজার পাঠানো হয়।

জানা গেছে, উড়োজাহাজটির ল্যান্ডিং গিয়ার গুটিয়ে নেওয়ার নির্দেশ দেওয়ার পরও সেটি স্বাভাবিকভাবে ভাঁজ হয়ে নির্ধারিত অবস্থানে ফিরে যাচ্ছিল না। এ সময় হাইড্রোলিক ব্যবস্থায় অস্বাভাবিক শব্দও শোনা যায়।

ফ্লাইটটির এক যাত্রী, কক্সবাজারের সাংবাদিক তানবীরুল মিরাজ রিপন সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, উড্ডয়নের প্রায় ৩০ থেকে ৪০ মিনিট পর জরুরি ভিত্তিতে ঢাকায় ফিরে আসতে হয়। তার ভাষ্য, ল্যান্ডিং গিয়ার বাইরে অবস্থান করছিল এবং বিকট শব্দ হচ্ছিল।

বর্তমানে নভোএয়ারের বহরে পাঁচটি এটিআর ৭২-৫০০ টার্বোপ্রপ উড়োজাহাজ রয়েছে।

//ডিবিটেক/বিএন/ইকে/