জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপের অভিযোগে শান্তা ফারজানা নামের এক নারীও অভিযুক্ত; মামলার প্রস্তুতি
শাওন ও মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় ডায়েরি, তদন্তে ডিবি সাইবার
‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (SDF) নামক একটি সংগঠনের পক্ষ থেকে ৩ জুলাই, শুক্রবার এই অভিযোগ দাখিল করা হয়। অভিযোগের সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। অভিযোগ সত্য প্রমাণিত হলে আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।
জুলাই বিপ্লবের শহীদ ও আহতদের স্মৃতি এবং বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর বক্তব্য ও অপপ্রচারের অভিযোগে দেশের দুই শীর্ষ তারকা—অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং চিত্রনায়িকা মাহিয়া মাহি—সহ তিনজনের বিরুদ্ধে রাজধানী ঢাকার শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত অন্য নারী হলেন শান্তা ফারজানা।
৩ জুলাই, শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ (SDF) নামের একটি সামাজিক-রাজনৈতিক সংগঠনের তিন পদধারী কেন্দ্রীয় নেতা শাহবাগ থানায় উপস্থিত হয়ে এই লিখিত অভিযোগ দাখিল করেন। গতকাল শুক্রবার দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) স্বপন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে বাদীরা সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরাসরি মামলা দায়ের করতে চেয়েছিলেন। তবে পুলিশি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে অভিযোগটি সাধারণ ডায়েরি বা লিখিত আকারে গ্রহণ করা হয়েছে। শাহবাগ থানার এসআই রায়হানকে এই স্পর্শকাতর বিষয়ের প্রাথমিক তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে, অভিযুক্তদের ফেসবুক আইডি ও ভিডিও লিংকের ফরেনসিক পরীক্ষা ও ডিজিটাল সত্যতা যাচাইয়ের জন্য অভিযোগটি ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার ক্রাইম ইউনিটে পাঠানো হয়েছে।
অভিযোগপত্রে যা বলা হয়েছে:
রাষ্ট্র সংলাপ ফোরামের কেন্দ্রীয় সদস্যসচিব আনম আয়াস, তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ১,৪০০-এর অধিক শহীদ এবং ৩০ হাজারের বেশি আহত বিপ্লবী মানুষের রক্ত ও অভূতপূর্ব আত্মত্যাগের বিনিময়ে জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক অধ্যায় হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, কিছু ব্যক্তি জনসম্মুখে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে এই মহান আন্দোলন ও এর স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন।
শান্তা ফারজানার বিরুদ্ধে অভিযোগ: অভিযোগপত্রে বলা হয়, শান্তা ফারজানা নামের এক নারী জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ ও আঘাত করার একটি নিন্দনীয় ভিডিও তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে প্রকাশ করেছেন, যা শহীদদের স্মৃতির প্রতি চরম অবমাননাকর এবং জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।
মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগ: অভিনেত্রী মেহের আফরোজ শাওন তার বিভিন্ন ভিডিওবার্তায় জুলাই আন্দোলনকে একটি ‘পরিকল্পিত বা সাজানো ঘটনা’ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করেছেন এবং রাষ্ট্র ও আন্দোলন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিয়েছেন বলে অভিযোগ আনা হয়েছে।
মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগ: চিত্রনায়িকা মাহিয়া মাহি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এমন কিছু বক্তব্য দিয়েছেন যেখানে তিনি জুলাই আন্দোলনে অংশ নেওয়া বিভিন্ন ব্যক্তি ও ছাত্র সংগঠনকে কটাক্ষ করে তাদের কার্যক্রমকে ‘অভিনয়ের’ সঙ্গে তুলনা করেছেন। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ আন্দোলনকারীদের চরমভাবে হেয় করা হয়েছে বলে বাদীরা দাবি করেন।
শাহবাগ থানার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, ডিবির সাইবার বিভাগের ডিজিটাল ইনভেস্টিগেশন রিপোর্টে যদি সামাজিক যোগাযোগমাধ্যমের ওই নির্দিষ্ট পোস্ট বা ভিডিওগুলোর সত্যতা এবং অবমাননার বিষয়টি প্রমাণিত হয়, তবে এই অভিযোগটি সরাসরি নিয়মিত মামলা (এফআইআর) হিসেবে রেকর্ড করা হবে এবং আইনি প্রক্রিয়ায় শাওন ও মাহি সহ সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হতে পারে।
//ডিবিটেক/এসআই/এমআই//





