সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ

সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ
৬ মে, ২০২৬ ১৭:২৯  

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূত ড. আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

৬ মে, বুধবার পুলিশ হেডকোয়ার্টার্সে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ নিয়ে পুলিশ সদরদপ্তর জানায়, সৌহার্দ্য ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে  বাংলাদেশ পুলিশের সঙ্গে চলমান প্রশিক্ষণ কার্যক্রম এবং অনিয়মিত মাইগ্রেশন, মানবপাচার, চোরাচালান ও নিরাপত্তা সহায়তা সংশ্লিষ্ট বিষয়ে সক্ষমতা বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেন ইতালির রাষ্ট্রদূত।

অপরদিকে সাইবার নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদানে ইতালির সহায়তা কামনা করেন আইজিপি। এছাড়া, তিনি উভয় দেশের পুলিশ সদস্যদের মধ্যে সমন্বয় জোরদারসহ পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডিবিটেক/এসইউ/ইকে