এটিজেএফবির আয়োজনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ১৬টি দেশি-বিদেশি এয়ারলাইন্স

৩ জুলাই শুরু হচ্ছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ

এটিজেএফবির আয়োজনে আগামী ৩ জুলাই থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬’, যেখানে ১৬টি দেশি-বিদেশি এয়ারলাইন্স অংশ নেবে।

৩ জুলাই শুরু হচ্ছে এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ
২৯ জুন, ২০২৬ ১২:০০  
২৯ জুন, ২০২৬ ১৪:০৬  

দেশি-বিদেশি এয়ারলাইন্সগুলোকে নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬’। আগামী ৩ ও ৪ জুলাই রাজধানীর গুলশান ইউথ ক্লাব টার্ফ মাঠে দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। “ওয়ান স্কাই, ওয়ান ফিল্ড, ওয়ান চ্যাম্পিয়ন’ প্রতিপাদ্যে খেলাটি আয়োজন করছে এভিয়েশন ও পর্যটন খাতের সাংবাদিকদের সংগঠন ‘এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ’ (এটিজেএফবি)।

টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা, এমিরেটস, কাতার এয়ারওয়েজ, সৌদিয়া, টার্কিশ এয়ারলাইন্স, এয়ার অ্যারাবিয়া, ইন্ডিগো, ইথিওপিয়ান এয়ারলাইন্স, এয়ার ইন্ডিয়া, থাই এয়ারওয়েজ, এয়ারএশিয়া, সিল্কওয়ে ওয়েস্ট এয়ারলাইন্স এবং ফ্লাই দুবাই। দুই দিনব্যাপী টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা। এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার এবং বেবিচকের শীর্ষ কর্মকর্তারা এতে উপস্থিত থাকবেন।

এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার এবং টুর্নামেন্ট ডিরেক্টর মো. আদনান রহমান জানান, দেশের এভিয়েশন খাতের পেশাজীবীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কার্যকর নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম তৈরি করতেই এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। খেলা শুরুর দুই দিন আগে রাজধানীর একটি হোটেলে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করা হবে। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর এনভয়-শেলটেক এভিয়েশন এবং পাওয়ার্ড বাই স্পন্সর ভিআইপি মোটরস।

//ডিবিটেক/এসএস/এমআইএম//