টেক্সাসে নিজস্ব গ্যাস পাইপলাইন নির্মাণ করছে স্পেসএক্স
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে নিজস্ব প্রাকৃতিক গ্যাস পাইপলাইন নির্মাণের পরিকল্পনা করছে মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্স। ৮ মাইল দীর্ঘ এই পাইপলাইনের মাধ্যমে মূলত তাদের বিশালাকার রকেট 'স্টারশিপ'-এর জ্বালানি সরবরাহ নিশ্চিত করা হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, টেক্সাসের ব্রাউনসভিল বন্দর থেকে শুরু হয়ে স্পেসএক্সের রকেট উৎক্ষেপণ কেন্দ্র 'স্টারবেস' পর্যন্ত বিস্তৃত হবে এই পাইপলাইন। আগামী মাসেই এর নির্মাণকাজ শুরু হতে যাচ্ছে এবং ২০২৬ সালের জানুয়ারির মধ্যে পাইপলাইনটি পুরোপুরি চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
১৬ ইঞ্চি ব্যাসের এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি স্টারবেস কেন্দ্রে প্রাকৃতিক গ্যাস নিয়ে আসা হবে। পরবর্তীতে সেখানে গ্যাস প্রক্রিয়াজাত করে তরল মিথেনে রূপান্তর করা হবে, যা স্টারশিপ রকেটের প্রধান জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। এই উদ্দেশ্যে রকেট উৎক্ষেপণ কেন্দ্রে একটি গ্যাস তরলীকরণ কেন্দ্র স্থাপনের জন্য ইতিমধ্যে মার্কিন প্রকৌশলী দলের কাছে নকশাও জমা দিয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে মার্কিন বিমান চলাচল কর্তৃপক্ষ স্পেসএক্সকে বছরে সর্বোচ্চ ২৫টি রকেট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে। ২০২৩ সালের এপ্রিলে প্রথম পরীক্ষামূলক উড়ালের পর থেকে এ পর্যন্ত স্টারশিপের ১২টি সফল উৎক্ষেপণ সম্পন্ন হয়েছে। এই রকেটের প্রতিটি উৎক্ষেপণে প্রায় ৬ লাখ ৩০ হাজার গ্যালন তরল মিথেনের প্রয়োজন হয়, যা এ যাবৎকাল শত শত ট্যাংকার ট্রাকের মাধ্যমে সেখানে নিয়ে যাওয়া হতো। পাইপলাইনটি তৈরি হলে এই বিশাল পরিবহন খরচ ও জটিলতা অনেকাংশে কমে আসবে।
তবে নতুন এই পাইপলাইন নির্মাণের খবরে স্থানীয় পরিবেশবাদীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। স্টারবেস কেন্দ্রের আশপাশের এলাকাগুলো পরিবেশগতভাবে অত্যন্ত সংবেদনশীল জলাভূমি হিসেবে পরিচিত। এই অঞ্চলে পাইপলাইন স্থাপন কিংবা অতিরিক্ত খননকাজ প্রাকৃতিক ভারসাম্য ও বন্যপ্রাণীর আবাস্থলকে ঝুঁকির মুখে ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: রয়টার্স ও এনগ্যাজেট





