সামাজিক যোগাযোগমাধ্যমে যৌথ বার্তা; গুজব ও ব্যক্তিগত পরিসর নিয়ে সংযমের আহ্বান

প্রায় দুই দশকের দাম্পত্যের ইতি টানলেন চিকিৎসক দম্পতি কুশল–সুষমা

প্রায় দুই দশকের দাম্পত্যের ইতি টানলেন চিকিৎসক দম্পতি কুশল–সুষমা
২৭ জুন, ২০২৬ ২০:৩৫  

সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত চিকিৎসক দম্পতি ডা. সায়েদুল আশরাফ কুশল ও ডা. সুষমা রেজা প্রায় দুই দশকের দাম্পত্যজীবনের সমাপ্তির ঘোষণা দিয়েছেন। পারস্পরিক সম্মতিতে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়ে শনিবার (২৭ জুন) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বার্তা প্রকাশ করেন তারা।

পোস্টে তারা জানান, দীর্ঘ সময় ধরে চিন্তাভাবনা ও আত্মসমালোচনার পর তারা এ সিদ্ধান্তে পৌঁছেছেন এবং বিষয়টি অন্য কোনো সূত্রে নয়, নিজেদের কাছ থেকেই সবার জানানোকে সম্মানজনক মনে করেছেন।

বার্তায় তারা উল্লেখ করেন, খুব অল্প বয়সে তাদের একসঙ্গে পথচলা শুরু হয়েছিল এবং প্রায় দুই দশকের এই সময়ে তারা পরিবার গড়েছেন, সন্তানদের বড় হতে দেখেছেন এবং জীবনের নানা অর্জন, সংগ্রাম ও স্মৃতি একসঙ্গে ভাগ করেছেন।

তারা লেখেন, সময়ের সঙ্গে ব্যক্তি ও সম্পর্ক—উভয়েরই পরিবর্তন হয়েছে। সেই বাস্তবতা উপলব্ধি করে জীবনের বর্তমান পর্যায়ে শান্তিপূর্ণভাবে আলাদা হয়ে যাওয়াকেই তারা সবচেয়ে সম্মানজনক সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছেন।

পোস্টে আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা মুহূর্তগুলো কখনোই একটি নিখুঁত সম্পর্কের চিত্র ছিল না; বরং সেগুলো ছিল জীবনের বাস্তব ও আন্তরিক অভিজ্ঞতার অংশ।

পরিবার, বন্ধু, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তারা এই ব্যক্তিগত সময়টিকে অনুমান, গুজব কিংবা অতিরিক্ত বিচার-বিশ্লেষণের বিষয় না করার অনুরোধ জানান।

বিশেষ করে সন্তান, বাবা-মা এবং পরিবারের অন্য সদস্যদের সামনে বিষয়টি নিয়ে আলোচনা না করার অনুরোধ করে তারা বলেন, পরিবর্তনের এই সময়টি পরিবারের সদস্যদের জন্যও আবেগপূর্ণ ও কঠিন।

বার্তার শেষাংশে তারা লেখেন, প্রায় ২০ বছরের অধ্যায়ের সমাপ্তি ঘটলেও সেটি হচ্ছে পারস্পরিক সম্মান, কৃতজ্ঞতা ও গ্রহণযোগ্যতার মধ্য দিয়ে। পাশাপাশি পরিবার ও প্রিয়জনদের জন্য সময় রাখার গুরুত্ব নিয়েও একটি ব্যক্তিগত বার্তা দেন তারা।

//ডিবিটেক/এসআই/ইকে//