লাইসেন্স ছাড়া ওয়াকি-টকি ব্যবহার করলে কঠোর ব্যবস্থা: বিটিআরসি
লাইসেন্সবিহীন ওয়াকি-টকি ও বেতার যোগাযোগ যন্ত্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সংস্থাটি জানিয়েছে, অনুমোদন ছাড়া এসব যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি বা বিপণন আইনত দণ্ডনীয় অপরাধ। ব্যবসাপ্রতিষ্ঠান, নিরাপত্তা সংস্থা, হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করেছে বিটিআরসি।
ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও স্থাপনার বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
২৫ জুন, বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানায়, অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে লাইসেন্সবিহীন অবস্থায় ব্যবহৃত ওয়াকি-টকি জব্দ করা হচ্ছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হচ্ছে।
বিটিআরসি জানিয়েছে, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধনী-২০২৬) অনুযায়ী যেকোনো ধরনের ওয়াকি-টকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি, বিপণন কিংবা পরিচালনার জন্য কমিশন থেকে তরঙ্গ বরাদ্দ এবং বেতার যন্ত্রের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক।
লাইসেন্স ছাড়া এসব যন্ত্র ব্যবহার করলে তা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
বিটিআরসি ব্যবসাপ্রতিষ্ঠান, নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থা, হোটেল, রেস্তোরাঁ, শপিং মলসহ সব ব্যক্তি ও প্রতিষ্ঠানকে অনুমোদন ছাড়া কোনো ধরনের বেতার যন্ত্র বা ওয়াকি-টকি ব্যবহার না করার আহ্বান জানিয়েছে।
সংস্থাটি আরও জানিয়েছে, অবৈধ ও লাইসেন্সবিহীন বেতার যন্ত্রের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। আইন অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
জনস্বার্থে সুষ্ঠু বেতার যোগাযোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সবাইকে আইন ও বিধি-বিধান মেনে চলার অনুরোধ জানিয়েছে বিটিআরসি।
//ডিবিটেক/এএম/ইকে//





