বিমানবন্দর-রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই নিশ্চিত করবে সরকার

বিমানবন্দর-রেল স্টেশনে ফ্রি ওয়াইফাই নিশ্চিত করবে সরকার
২৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:০৯  

বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি দ্রুতগতির হাইস্পিড যানবাহনগুলোতেও ফ্রি ওয়াইফাই সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এটি দ্রুতই বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি। 

২৭ ফেব্রুয়ারি, শুক্রবার সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ে জেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভার প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য দেন মন্ত্রী। এছাড়াও নিজ নির্বাচনী এলাকা টাঙ্গাইল জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক করার কথা পরিকল্পনার কথাও প্রকাশ করেন তিনি। 

ফকির মাহবুব আনাম বলেন, ‘বর্তমান যুগে আইসিটি সব চেয়ে বড় গুরুত্বপূর্ণ সেক্টর। আইটি সেক্টর নিয়ে প্রধানমন্ত্রীর অনেক পরিকল্পনা রয়েছে। আমরা অনেক জব ক্রিয়েট করতে চাই এবং ইন্টারনেট সবার ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। প্রধানমন্ত্রী আমাদের নিদের্শনা দিয়েছেন বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এমনকি হাইস্পিড গাড়িগুলোকে ফ্রি ওয়াফাই ব্যবস্থা করার জন্য।’

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন তিনটি বড় বড় টেকপার্কে কীভাবে বিনিয়োগ বাড়াতে হবে। আমরা চেষ্টা করছি, বিদেশ থেকে বিনিয়োগ আনার জন্য। আমরা ধাপে ধাপে এগিয়ে যাবো। জনবান্ধব সরকার হতে চাই। টাঙ্গাইলেও আমরা কিছু চাই। জেলার প্রতিটি উপজেলায় আইসিটি পার্ক করার কথা চিন্তা করতে পারি আমরা।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্তসহ সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডিবিটেক/এসএইচ/ইকে