সাইবার সুরক্ষায় দেশীয় উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে
২৩ জুন থেকে ঢাকায় ফনিক্স সামিট ২০২৬
দেশীয় সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করতে এবং ‘মেড ইন বাংলাদেশ’ প্রত্যয়ে সাইবার সুরক্ষা খাতে স্থানীয় স্টার্টআপ, ফ্যাক্টচেকার ও পেশাদারদের অংশগ্রহণে এবার দুই ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফনিক্স সামিট ২০২৬’।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আয়োজনের বিস্তারিত তুলে ধরেন এ. এস. এম. শামীম রেজা। তিনি জানান, আগামী ২৩ থেকে ২৫ জুন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট–এ পেইড টেকনিক্যাল ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এরপর ২৬ ও ২৭ জুন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র–এ অনুষ্ঠিত হবে মূল সম্মেলন।
তিনি আরও জানান, আগামী শুক্রবার থেকে সামিটের ওয়েবসাইটে অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হবে। সম্মেলনে ৯টি প্যানেল আলোচনা ছাড়াও বিভিন্ন ওয়ার্কিং গ্রুপ গঠন করে এক বছরের কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোঃ আবদুল্লাহ ফরিদ এবং দিহান ইসলাম অলিফ।
The Team Phoenix Group–এর আয়োজনে অনুষ্ঠিত এ সামিটে বাংলাদেশের সাইবার নিরাপত্তা খাতে দক্ষ জনবল তৈরি, অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং ডিজিটাল স্থিতিশীলতা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে জানানো হয়।
আয়োজনটিতে সহযোগিতা করছে BRAC Bank। এছাড়া সহায়তায় রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ এবং ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সি।
তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ সিরিজে বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞরা অংশ নেবেন। এতে প্র্যাকটিক্যাল সাইবার ইনভেস্টিগেশন, ডেভসেকঅপস, অ্যাপ্লিকেশন সিকিউরিটি, ভালনারেবিলিটি ম্যানেজমেন্ট এবং র্যানসমওয়্যার প্রতিরোধ বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।
দুই দিনব্যাপী মূল সম্মেলনে ‘ব্লু টিম ডে’ ও ‘রেড টিম ডে’ শীর্ষক দুটি বিশেষ ট্র্যাক থাকবে। টেকনিক্যাল স্টেজে থ্রেট ইন্টেলিজেন্স, ক্লাউড সিকিউরিটি, ইনসিডেন্ট রেসপন্স, রেড টিম ও ব্লু টিম অপারেশনসসহ বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে আলোচনা হবে। অন্যদিকে এন্টারপ্রাইজ স্টেজে সাইবার গভর্ন্যান্স, ডিজিটাল ট্রাস্ট, উইমেন ইন সাইবারসিকিউরিটি, নীতিনির্ধারণ ও জাতীয় সাইবার কৌশল নিয়ে সেশন অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহির উদ্দিন স্বপন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন ফকির মাহবুব আনাম। এছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং আইসিটি বিভাগের সচিব কাজী আনোয়ার হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সম্মেলনে জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ভুটান, শ্রীলঙ্কা, নেপাল ও মালয়েশিয়া থেকে আগত বিশেষজ্ঞরা অংশ নেবেন। আন্তর্জাতিক অংশগ্রহণে বিভিন্ন লিডারশিপ ডায়লগ ও নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত হবে।
এছাড়া দেশের ৩৯টি বিশ্ববিদ্যালয় ক্লাবের সহযোগিতায় দ্বিতীয়বারের মতো ‘বেস্ট সাইবারসিকিউরিটি ক্লাব অ্যাওয়ার্ড’ এবং টানা তৃতীয়বারের মতো ‘উইমেন ইন সাইবারসিকিউরিটি অ্যাওয়ার্ড’ প্রদান করা হবে।
/ডিবিটেক/ আইএইচ / এমইউএম/





