ক্যাশলেস সোসাইটির যুগে সাইবার নিরাপত্তা নিশ্চিত করাই প্রধান উদ্বেগ, চালু হলো সেন্ট্রাল ইনসিডেন্ট রিপোর্টিং ব্যবস্থা
জুনের সাইবার ড্রিলে ধরা পড়েছে মারাত্মক ঝুঁকিপূর্ণ দুর্বলতা: গভর্নর
- জুনের সাইবার ড্রিলে বড় দুর্ঘটনার শঙ্কা জাগানো নিরাপত্তা ত্রুটি শনাক্ত
- 'সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং' ও 'আইসিটি সিকিউরিটি রেটিং' সিস্টেম চালু
- ডিজিটাল ও ক্যাশলেস অর্থনীতির নিরাপত্তায় আগাম সতর্কবার্তার ওপর জোর
গত জুন মাসের শেষ দিকে পরিচালিত সাইবার ড্রিলে ব্যাংকিং খাতের এমন কিছু নিরাপত্তা দুর্বলতা ধরা পড়েছে, যা বড় ধরনের সাইবার দুর্ঘটনার কারণ হতে পারত বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। মঙ্গলবার (৪ আগস্ট) রাজধানীর বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অডিটোরিয়ামে ‘সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম’ এবং ‘ন্যাশনাল আইসিটি অ্যান্ড সাইবার সিকিউরিটি রেটিং সিস্টেম’-এর যৌথ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
গভর্নর বলেন, "আমরা ক্রমেই ডিজিটাল অর্থনীতি ও ক্যাশলেস সোসাইটি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। কিউআর কোডসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে লেনদেন দ্রুত বৃদ্ধি পাচ্ছে। তবে এসব ব্যবস্থার নিরাপত্তা কতটা নিশ্চিত এবং কোথায় কী ঘাটতি রয়ে গেছে- তা নিয়ে আমাদের প্রতিনিয়ত উদ্বেগের মধ্যে থাকতে হয়।"
জুনের ড্রিলে প্রাপ্ত তথ্য স্মরণ করিয়ে তিনি উল্লেখ করেন যে, একটি বা দুটি এমন গুরুতর ত্রুটি বেরিয়ে এসেছে যা বড় কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য চরম ঝুঁকি তৈরি করার সামর্থ্য রাখত।
এ প্রেক্ষিতে নতুন চালুকৃত ‘সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম’ ব্যাংকিং খাতে যেকোনো সাইবার আক্রমণের বিরুদ্ধে আগাম সতর্কতা (আর্লি ওয়ার্নিং) জারি ও দ্রুত পদক্ষেপ নিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। সময়োপযোগী এ ব্যবস্থা গ্রহণের জন্য তিনি ন্যাশনাল সাইবার সিকিউরিটি এজেন্সিকে ধন্যবাদ জানান। আইসিটি বিভাগের সচিব মামুনুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদ উল বারী বক্তব্য রাখেন।
//ডিবিটেক/ বিএনও/ এসএমই//





