ডিএনএ দিবসে ঢাবিতে ২৫ এপ্রিল বায়োটেক সামিট ও আন্তর্জাতিক কংগ্রেস
আন্তর্জাতিক ডিএনএ দিবস উপলক্ষে ২৫ এপ্রিল,ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবন অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ফিউচার বায়োটেক সামিট’ এবং ‘৬ষ্ঠ আন্তর্জাতিক ইয়াং বায়োটেকনোলজিস্টস কংগ্রেস ২০২৬’। কংগ্রেসে প্লেনারি সেশন, নীতি সংলাপ, গবেষণা উপস্থাপনা, পোস্টার প্রদর্শনী এবং আন্তঃবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে মাইক্রোবিয়াল জিনোমিক্স, মানব জেনেটিক্স, সংক্রামক রোগবিজ্ঞান, প্রিসিশন মেডিসিন এবং এআই-নির্ভর বায়োটেকনোলজি। চীনসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক বিশেষজ্ঞদের অংশগ্রহণে এটি একটি বৈশ্বিক বৈজ্ঞানিক প্ল্যাটফর্মে রূপ নেবে বলে মনে করছেন আয়োজকরা।
‘ওমিক্স অ্যান্ড এআই ২০২৬’ প্রতিপাদ্যকে সামনে রেখে নেটওয়ার্ক অব ইয়াং বায়োটেকনোলজিস্টস (এনওয়াইবিবি)-এর উদ্যোগে অনুষ্ঠিতব্য বায়োটেকনোলজি খাতের এই গুরুত্বপূর্ণ কংগ্রেসেবায়োটেকনোলজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বিত সম্ভাবনাকে তুলে ধরবেন অংশগ্রহণকারীরা।
দেশের ২৯টি বিশ্ববিদ্যালয়ে সক্রিয় উপস্থিতি ও শক্তিশালী অ্যালামনাই নেটওয়ার্ক নিয়ে দীর্ঘদিন ধরে তরুণ বিজ্ঞানীদের ক্ষমতায়ন, উদ্ভাবন উৎসাহ এবং জ্ঞান বিনিময়ের প্ল্যাটফর্ম হিসেবে গড়ে ওঠা এনওয়াইবিবি’র এই আয়োজনে শিক্ষার্থী, গবেষক, তরুণ শিক্ষক ও উদ্যোক্তা মিলিয়ে প্রায় ৪৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত থাকছেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও স্টার্টআপ থেকে যোগ দেবেন তারা। এই অংশগ্রহণ জ্ঞান বিনিময়, উদ্ভাবন এবং নীতি সংলাপকে আরও গতিশীল করবে বলে আশাবাদী আয়োজকরা।
আয়োজক সূত্রে প্রকাশ, উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ-এর চেয়ারম্যান ড. সামিনা আহমেদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ড. মো. জাহিদ রাইহান এবং অ্যারিস্টোফার্মা-এর ডিরেক্টর সাদমান শাহরিয়ার হাসান।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ড. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক প্রফেসর ড. এস. এম. আব্দুল আউয়াল। সভাপতিত্ব করবেন জাতীয় বায়োটেকনোলজি ইনস্টিটিউট-এর পরিচালক অধ্যাপক ড. মো. ছগীর আহমেদ।
আয়োজকরা মনে করছেন, এই কংগ্রেস কেবল একটি বৈজ্ঞানিক সম্মেলন নয়; বরং দেশের বায়োটেকনোলজি খাতের অগ্রযাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠবে। তরুণ বিজ্ঞানীদের আন্তর্জাতিক মানের গবেষণা ও সহযোগিতার সুযোগ তৈরি করার পাশাপাশি এটি বাংলাদেশকে জিনোমিক্স ও এআইভিত্তিক বায়োটেকনোলজির উদীয়মান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখবে।
ডিবিটেক/এমআইএ/ইকে







