শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গুরুত্বারোপ শিক্ষামন্ত্রীর
৩০ মে, ২০২৬ ১৬:৩২  

শিক্ষার্থীদের পাঠদানের পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ গড়ে তোলার দিকেও শিক্ষকদেরকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন  শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষকরা যদি নিজেদের সন্তানের মতো করে প্রতিটি শিক্ষার্থীর প্রতি যত্নশীল হন, তাহলে কেউ অনুত্তীর্ণ হবে না।

৩০ মে, শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষ্মীপুর পীর ছোবহানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত ‘শিক্ষার মান ও উন্নয়ন’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকার বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। পাশাপাশি অভিভাবকরাও সন্তানদের শিক্ষার জন্য অনেক ত্যাগ স্বীকার করেন। তাই কোনো শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হলে তা শুধু পরিবার নয়, জাতির জন্যও দুঃখজনক।

তিনি আরও বলেন, একজন শিক্ষকই পারেন একটি প্রজন্মকে সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে। এজন্য শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ, আচরণ ও মানবিক গুণাবলির বিকাশেও শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক শাহ আলম। সিনিয়র সহকারী শিক্ষক জহিরুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ আইসিটি বিভাগের ডেপুটি সেক্রেটারি (উপসচিব) মো. মাহবুব আলম।

এছাড়া বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতার হোসেন, উপজেলা বিএনপির সদস্য সচিব মনজুর আহমেদ সেলিম এবং গোহট দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুর রহমান।

/ডিবিটেক/এসএম/ইকে/