ধর্ষণকারীসহ দুজন নিহতের দাবিটি মিথ্যা, ভিডিওটি গতবছরের

ধর্ষণকারীসহ দুজন নিহতের দাবিটি মিথ্যা, ভিডিওটি গতবছরের
২৪ মে, ২০২৬ ০০:০৩  

খুলনায় শিশু ধর্ষণকারীকে আদালতে নেওয়ার সময় পুলিশের গাড়ি থেকে নামিয়ে গুলি করে হত্যা করা হয়েছে - এমন দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এছাড়া বাহান্ন নিউজ, সবার দেশ এর মতো কিছু পোর্টালেও এই খবর প্রকাশিত হয়েছে। 

তবে খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ধর্ষণকারীসহ দুজন নিহতের দাবিটি মিথ্যা। এই খবরের দলিল হিসেবে প্রচারিত ভিডিওটি ২০২৫ সালের ৩০ নভেম্বরের। সেদিন খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হয়। এটি সেই ঘটনার দৃশ্য। 

ভিডিওটির বিষয়ে পিআইবি’র ফ্যাক্টচক প্রতিষ্ঠান বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ২০২৫ সালের ৩০ নভেম্বর ‘Shihab Uddin’ নামে এক ফেসবুক পেজে একই ভিডিও খুঁজে পাওয়া যায়। ভিডিওটির ক্যাপশন থেকে জানা যায়, সেদিন খুলনায় আদালত চত্বরে প্রকাশ্য আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে দুজনকে হত্যা করা হয়। 

এসব তথ্য গুগলে সার্চ করলে দৈনিক প্রথম আলোয় ২০২৫ সালের ৩০ নভেম্বর প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। তা থেকে জানা যায়, সেদিন খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে দুজন নিহত হন। নিহত দুজনের নাম মো. ফজলে রাব্বি (রাজন) ও হাসিব হাওলাদার। পুলিশ জানায়, দুজনের বিরুদ্ধে একাধিক মামলা আছে।

সেদিন একই তথ্যে আরও কিছু গণমাধ্যমে (, , ) প্রতিবেদন পাওয়া গিয়েছে। তবে এসব প্রতিবেদনে ধর্ষণের বিষয়ে কোনো তথ্য উল্লেখ পাওয়া যায়নি।  

তাছাড়া, খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ধর্ষণকারীসহ দুজন নিহতের বিষয়ে খোঁজ চালালে, গণমাধ্যমে এমন তথ্য মেলেনি। 

অর্থাৎ, খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ধর্ষণকারীসহ দুজন নিহতের দাবিটি মিথ্যা এবং একই দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিওটি গতবছরের। 

/ডিবিটেক/এসআই/এমইউএম/