জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬-এ বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সরকার ও নাগরিকবান্ধব সেবা ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
অন্তর্ভুক্তিমূলক ও নাগরিকবান্ধব ডিজিটাল সরকার গঠনের প্রতিশ্রুতি বাংলাদেশের
জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬-এর উচ্চপর্যায়ের বৈঠকে বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই) ও নাগরিকবান্ধব সরকারি সেবা ব্যবস্থার পরিকল্পনা তুলে ধরেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেন, ডিজিটাল অবকাঠামো বাংলাদেশের জন্য শুধু প্রযুক্তির বিষয় নয়, এটি সুশাসনের গুরুত্বপূর্ণ মাধ্যম।
জর্জিয়ার তিবিলিসিতে অনুষ্ঠিত ‘জাতিসংঘ পাবলিক সার্ভিস ফোরাম ২০২৬’-এর উচ্চপর্যায়ের গোলটেবিল বৈঠকে অংশ নিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
২৫ জুন, বুধবার অনুষ্ঠিত বৈঠকে তিনি অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (ডিপিআই), সরকারি সেবায় জনগণের অংশগ্রহণ এবং নাগরিকবান্ধব ডিজিটাল সরকার ব্যবস্থা গঠনে বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বক্তব্যে মন্ত্রী বলেন, “বাংলাদেশের কাছে ডিপিআই কেবল প্রযুক্তির বিষয় নয়, বরং এটি সুশাসনের একটি অন্যতম মাধ্যম। প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিক যেন রাজধানীর একজন নাগরিকের মতোই সহজে সরকারি সেবা পেতে পারেন, সেটিই আমাদের লক্ষ্য।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি ডিজিটাল-ফার্স্ট সরকার ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।
ফকির মাহবুব আনাম জানান, বর্তমানে দেশের নাগরিকরা সরকারি পেমেন্ট প্ল্যাটফর্ম ‘একপে’ (EkPay), ‘মাইগভ’ (myGov) অ্যাপ, জাতীয় তথ্য বাতায়ন এবং ‘৩৩৩’ হেল্পলাইনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ করতে পারছেন।
তিনি আরও জানান, আগামী তিন বছরের মধ্যে দেশের সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত ইন্টারনেট সুবিধা এবং স্মার্ট ডিভাইস নিশ্চিত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে।
নাগরিকদের মতামত ও অভিযোগ গ্রহণের বিষয়ে মন্ত্রী বলেন, ক্যাবিনেট ডিভিশনের ‘গ্রিভেন্স রিড্রেস সিস্টেম’ (GRS) এবং ‘ই-পার্টিসিপেশন’ (e-Participation) ব্যবস্থার মাধ্যমে নাগরিকরা সরাসরি সরকারি প্রতিষ্ঠানের কাছে মতামত ও অভিযোগ জানাতে পারছেন।
সরকারি প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা আরও বাড়াতে ভবিষ্যতে ‘ই-পার্টিসিপেশন র্যাংকিং’ চালুর পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
//ডিবিটেক/জেডইউ/ইকে//





