এনআইডি সেবায় অবৈধ লেনদেনে সুধাংশু কুমার অপসারিত

এনআইডি সেবায় অবৈধ লেনদেনে সুধাংশু কুমার অপসারিত
৫ ফেব্রুয়ারি, ২০২৬ ১৭:৩৬  

এনআইডি কার্যক্রমে ৩০০ টাকা অবৈধ লেনদেন করায় এবং সেই তথ্য গোপন করতে ২৯ হাজার টাকা ঘুষ দেওয়ার অভিযোগে চাকরি থেকে অপসারণ হলেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সহকারী সচিব সুধাংশু কুমার সাহা।

ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ  সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সুধাংশু কুমার সাহা কুমিল্লায় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা হিসেবে কর্মরত থাকাকালে এনআইডি সংশোধনে ৩০০ টাকা অবৈধভাবে অর্থ গ্রহণ করেন। ওই সময় গণমাধ্যমকর্মীরা তার ভিডিও ধারণ করেন।

সেই ভিডিও যাতে প্রকাশ না করা হয়, সেজন্য তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকর্মীকে ২৯ হাজার টাকা ‘উৎকোচ’ বা ঘুষ দেন। এই অনৈতিক ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা (নম্বর-০৪/২০২৫) দায়ের করা হয়। মামলার পরে বিভাগীয় তদন্তে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশন সচিবালয়ের আইডিইএ ২য় পর্যায় প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ফরিদুল ইসলাম। 

তদন্ত প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত কর্মকর্তা আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করলেও তার জবাব সন্তোষজনক ছিল না। পরবর্তীতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরামর্শ এবং মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমোদনের পর তাকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৪(৩)(গ) অনুযায়ী ‘চাকুরী হইতে অপসারণ’ গুরুদণ্ড প্রদান করা হয়। গত ৩ ফেব্রুয়ারি থেকে তা কার্যকর ধরা হয়েছে।

ইতিমধ্যেই  ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা মাহফুজুর রহমানকে রবখাস্ত করে ইসি।

ডিবিটেক/এইচআই/এমইউএম/