আইফোনেও শুরু হলো এনক্রিপ্টেড আরসিএস মেসেজিং
আইফোন এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের মধ্যে দীর্ঘদিনের ‘মেসেজিং যুদ্ধ’ অবসানের পথে আরও এক ধাপ এগিয়েছে অ্যাপল। সোমবার অবমুক্ত হওয়া ‘আইওএস ২৬.৫’ বেটা সংস্করণে অ্যাপল তাদের বহুল প্রতীক্ষিত ‘এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড আরসিএস’ মেসেজিং সুবিধা চালু করেছে। এর ফলে এখন থেকে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে আদান-প্রদান করা মেসেজগুলো তৃতীয় কোনো পক্ষ পড়তে পারবে না।
এতদিন আইফোন থেকে অ্যান্ড্রয়েড ফোনে মেসেজ পাঠালে তা সাধারণ এসএমএস হিসেবে যেত, যা এনক্রিপ্টেড ছিল না। নতুন এই আপডেটে আরসিএস চ্যাটবক্সে একটি নতুন ‘লক’ আইকন দেখা যাবে। এই আইকনটি নিশ্চিত করবে যে, কথোপকথনটি সম্পূর্ণ সুরক্ষিত। অ্যাপল জানিয়েছে, নতুন এবং বিদ্যমান আরসিএস চ্যাটগুলোতে এই সুরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যাবে।
এই সুবিধা পেতে হলে আইফোন ব্যবহারকারীকে অবশ্যই আইওএস ২৬.৫ সংস্করণে থাকতে হবে এবং তার মোবাইল নেটওয়ার্ক অপারেটরকে এনক্রিপ্টেড আরসিএস সমর্থন করতে হবে। অন্যদিকে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীকে গুগল মেসেজ-এর সর্বশেষ সংস্করণ ব্যবহার করতে হবে। তবে অ্যাপল ডিভাইসের নিজেদের মধ্যকার চ্যাটের জন্য আগের মতোই ‘আইমেসেজ’ প্রোটোকল কার্যকর থাকবে।
এই আপডেটের ফলে মেসেজিংয়ের নিরাপত্তা নিশ্চিত হলেও চ্যাট বাবলের রঙে কোনো পরিবর্তন আসেনি। আইফোন ব্যবহারকারীদের কাছে অ্যান্ড্রয়েড থেকে আসা মেসেজগুলো আগের মতোই সবুজ রঙের বাবল হিসেবেই দেখাবে। তবে সিগন্যাল বা হোয়াটসঅ্যাপের মতো থার্ড-পার্টি অ্যাপ ছাড়াই এখন থেকে দুই প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা একে অপরকে নিরাপদে মেসেজ পাঠাতে পারবেন।
আইওএস ২৬.৫-এর সাথে অ্যাপল আইপ্যাড-ওএস, ম্যাক-ওএস টাহো এবং ওয়াচ-ওএস-এরও নতুন সংস্করণ প্রকাশ করেছে। এতে বড় কোনো ফিচারের পরিবর্তন না থাকলেও অ্যাপল ম্যাপসে ‘সাজেস্টেড প্লেসেস’ নামক একটি নতুন ফিচার যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীর সাম্প্রতিক সার্চ এবং ট্রেন্ডের ওপর ভিত্তি করে ভ্রমণের জায়গার পরামর্শ দেবে। এছাড়া নতুন একটি প্রাইড-থিমযুক্ত ‘লুমিন্যান্স’ ওয়ালপেপারও যোগ করা হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, চীনের নিয়ন্ত্রক সংস্থার চাপ এবং গুগলের দীর্ঘদিনের প্রচারণার পর অ্যাপলের এই সিদ্ধান্ত স্মার্টফোন ব্যবহারকারীদের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষায় এক ঐতিহাসিক মাইলফলক।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট



