প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার

প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার
১১ মে, ২০২৬ ১৩:৫৮  

দেশকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

১১ মে, সোমবার সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে মন্ত্রীর কার্যালয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে দেশটির শীর্ষ প্রযুক্তি ও টেলিযোগাযোগ কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠককালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের ডিজিটাল অগ্রযাত্রায় চীনের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো উন্নয়নে চীনা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন ধরে অবদান রেখে চলেছে।

তিনি বাংলাদেশে একটি এআই ট্রেনিং সেন্টার স্থাপনের আগ্রহ প্রকাশ করে বলেন, এর মাধ্যমে তরুণদের আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ফলে দেশের তরুণ সমাজ তথ্যপ্রযুক্তি বিপ্লবে আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারবে।

ফকির মাহবুব আনাম আরও বলেন, বাংলাদেশ বহুপাক্ষিক সহযোগিতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং ডিজিটাল সংযোগ সম্প্রসারণে বিশ্বাস করে। ভবিষ্যতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, গত তিন থেকে চার দশক ধরে চীনের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। বর্তমানে বাংলাদেশে চীনা বিনিয়োগের পরিমাণ ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের বেশি। তাদের প্রযুক্তিগত সহায়তায় দেশের প্রায় ৯৮ শতাংশ জনগোষ্ঠী মোবাইল নেটওয়ার্ক সুবিধার আওতায় এসেছে।

তিনি আরও জানান, চীনা প্রতিষ্ঠানের সহায়তায় দেশে মোবাইল ফোন উৎপাদন কারখানা স্থাপন করা হয়েছে এবং বছরে প্রায় ৮০ লাখের বেশি মোবাইল ডিভাইস বাজারজাত হচ্ছে। এছাড়া জাতীয় আইসিটি নেটওয়ার্ক, ডাটা সেন্টার এবং ডিজিটাল কানেক্টিভিটি উন্নয়নেও চীনা প্রতিষ্ঠানগুলো ভূমিকা রাখছে।

বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণ, ডিজিটাল অবকাঠামো উন্নয়ন এবং প্রযুক্তি স্থানান্তরে যৌথভাবে কাজ করার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আইটিইউ সংশ্লিষ্ট বিভিন্ন আন্তর্জাতিক উদ্যোগে চীনের প্রার্থিতার বিষয়ে বাংলাদেশের সহযোগিতাও কামনা করা হয়।

বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি, দূতাবাসের তৃতীয় সচিব ঝাং পেংফেই, বাই ঝাওশি, হুয়াওয়ের মা বেন এবং জেডটিই’র মাও ইয়ংজুন উপস্থিত ছিলেন।

ডিবিটেক/জেডইউ/ইকে