টানা পতনে পুঁজিবাজার

ঢাকা: দেশের পুঁজিবাজারে টানা কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় সোমবারও (১১ মে) দরপতন ঘটেছে। দিনটিতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনও। অধিকাংশ কোম্পানির শেয়ারদরও নিম্নমুখী ছিল। তবে ধারাবাহিক এ পতনের মধ্যেও বাজার নিয়ে আস্থাহীনতার কোনো কারণ দেখছেন না বাজার সংশ্লিষ্টরা। তাদের মতে, স্থিতিশীল বাজারে সাময়িক দরপতন অস্বাভাবিক নয়। […] The post টানা পতনে পুঁজিবাজার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

টানা পতনে পুঁজিবাজার
১১ মে, ২০২৬ ১৬:৩৫  

ঢাকা: দেশের পুঁজিবাজারে টানা কয়েক কার্যদিবসের ধারাবাহিকতায় সোমবারও (১১ মে) দরপতন ঘটেছে। দিনটিতে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবকটি সূচক কমেছে। একই সঙ্গে কমেছে টাকার অঙ্কে লেনদেনও। অধিকাংশ কোম্পানির শেয়ারদরও নিম্নমুখী ছিল।

তবে ধারাবাহিক এ পতনের মধ্যেও বাজার নিয়ে আস্থাহীনতার কোনো কারণ দেখছেন না বাজার সংশ্লিষ্টরা।
তাদের মতে, স্থিতিশীল বাজারে সাময়িক দরপতন অস্বাভাবিক নয়। বর্তমানে সূচক ও লেনদেন যেভাবে কমছে, তা কাটিয়ে উঠতে বড় ধরনের সময় লাগবে না। একদিনের শক্তিশালী উত্থানই বাজারকে ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে বলে মনে করছেন তারা।

বাজার বিশ্লেষকদের মতে, আসন্ন ঈদকে সামনে রেখে অনেক বিনিয়োগকারী ব্যক্তিগত খরচ মেটাতে কিছু শেয়ার বিক্রি করে নগদ অর্থ তুলে নিচ্ছেন। তবে এই সময়ে ভালো মৌলভিত্তিসম্পন্ন শেয়ার কিনে রাখলে ঈদের পর ভালো মুনাফার সম্ভাবনা রয়েছে। এজন্য বিনিয়োগকারীদের ধৈর্য ও সতর্কতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলার পরামর্শ দিয়েছেন তারা।

বাজার পর্যালোচনায় দেখা যায়, সকালে ইতিবাচক শুরুর পরেও সোমবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫ দশমিক ৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৫ দশমিক ২৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস সূচক কমেছে ০ দশমিক ৬৫ পয়েন্ট, যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৫ দশমিক ৫৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ২২ পয়েন্ট হারিয়ে নেমে এসেছে ১ হাজার ৯৮৫ দশমিক ৪ পয়েন্টে।

এদিন ডিএসই-তে মোট ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১৮৯টির এবং অপরিবর্তিত ছিল ৫৭টির দর।

লেনদেনের দিক থেকে ডিএসই-তে মোট ৭১৪ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। আগের কার্যদিবসে যার পরিমাণ ছিল ৭২৭ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে একদিনের ব্যবধানে লেনদেন কমেছে প্রায় ১২ কোটি ৪৮ লাখ টাকা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন মোট ২০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ১৪ কোটি ৯৪ লাখ টাকা।

সিএসই-তে লেনদেনে অংশ নেওয়া ২০২টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির দর।

এদিন সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৩ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৪৬ দশমিক ৫২ পয়েন্টে। আগের কার্যদিবসে সূচকটি ৫৬ দশমিক ২০ পয়েন্ট কমেছিল।

The post টানা পতনে পুঁজিবাজার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.