বৈদ্যুতিক বাইসাইকেল ব্যবসা বন্ধ করছে পোরশে
লাক্সারি গাড়ি নির্মাতা জার্মান প্রতিষ্ঠান ‘পোরশে’ তাদের উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক বাইসাইকেল বা ই-বাইক তৈরির বিভাগটি বন্ধ করার ঘোষণা দিয়েছে। বাজার পরিস্থিতির ব্যাপক পরিবর্তন এবং মূল ব্যবসায় (গাড়ি উৎপাদন) অধিক মনোযোগী হওয়ার লক্ষ্যে এই সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
২০২২ সালের আগস্টে ‘পোরশে ই-বাইক পারফরম্যান্স’ নামে এই বিশেষ উইংটি চালু করেছিল প্রতিষ্ঠানটি। লক্ষ্য ছিল বিশ্বমানের ই-বাইক মোটর এবং ব্যাটারি সিস্টেম তৈরি করা। কিন্তু মাত্র চার বছরের মাথায় বিভাগটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো। এর ফলে জার্মানির অটোব্রুন এবং ক্রোয়েশিয়ার জাগ্রেবের কারখানাগুলো বন্ধ হয়ে যাবে এবং প্রায় ৩৫০ জন কর্মী তাদের কাজ হারাবেন।
অল্প সময়ের যাত্রায় পোরশে বেশ কিছু প্রিমিয়াম ই-বাইক বাজারে এনেছিল। এর মধ্যে সড়ক পথে চলার জন্য ‘ই-বাইক স্পোর্ট’ এবং দুর্গম পথের জন্য ‘ই-বাইক ক্রস’ মডেলগুলো বেশ আলোচিত হয়। বিশেষ করে ‘ই-বাইক স্পোর্ট’-এর পঞ্চম প্রজন্ম পর্যন্ত বাজারে এসেছিল, যার প্রাথমিক দাম ছিল ১০ হাজার ৯২০ মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৩ লাখ টাকার বেশি)।
পোরশে কেবল ই-বাইক বিভাগই নয়, বরং তাদের ব্যাটারি সেল তৈরির প্রতিষ্ঠান ‘সেলফোর্স গ্রুপ’ এবং সফটওয়্যার কোম্পানি ‘সিটিটিক’-এর কার্যক্রমও গুটিয়ে নিচ্ছে। পোরশে-র সিইও মাইকেল লিটারস জানান, পোরশে তাদের মূল ব্যবসায়িক মডেলে ফিরে যেতে চায়। এই কৌশলগত পরিবর্তনের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি বুগাটি রিমাচ এবং রিমাচ গ্রুপ থেকেও তাদের শেয়ার বিক্রি করে দিয়েছে।
বিশ্লেষকদের মতে, গাড়ির বাজারে ক্রমবর্ধমান প্রতিযোগিতা এবং বৈদ্যুতিক গাড়ির (EV) নিজস্ব প্রযুক্তির আধুনিকায়নে বড় ধরনের বিনিয়োগ করার লক্ষ্যেই পোরশে তাদের অপ্রধান ব্যবসাগুলো থেকে সরে আসছে।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট



