স্যামসাংয়ের বিরুদ্ধে ডুয়া লিপার ১৫ মিলিয়ন ডলারের মামলা
পপ তারকা ডুয়া লিপা বিশ্বখ্যাত ইলেকট্রনিক্স জায়ান্ট স্যামসাংয়ের বিরুদ্ধে ১৫ মিলিয়ন (দেড় কোটি) মার্কিন ডলারের ক্ষতিপূরণ মামলা করেছেন। তার অভিযোগ, প্রতিষ্ঠানটি কোনো অনুমতি বা পারিশ্রমিক ছাড়াই টিভি বিক্রির বিজ্ঞাপনে তার ছবি ব্যবহার করেছে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে এই মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহার অনুযায়ী, স্যামসাং তাদের 'ক্রিস্টাল ইউএইচডি' টিভির কার্ডবোর্ড প্যাকেজিং বা বক্সে ডুয়া লিপার একটি ছবি ব্যবহার করেছে। ছবিটি ২০২৪ সালে 'অস্টিন সিটি লিমিটস' উৎসবের ব্যাকস্টেজে তোলা হয়েছিল। ডুয়া লিপার দাবি, এই ছবির কপিরাইট তার নিজের এবং স্যামসাং এটি বাণিজ্যিকভাবে ব্যবহারের কোনো আইনি অধিকার রাখে না।
ব্রিটিশ এই গায়িকা জানান, তিনি ২০২৫ সালের জুন মাসে প্রথম বিষয়টি জানতে পারেন। এরপর তার আইনজীবীদের মাধ্যমে স্যামসাংকে বারবার এই ছবি ব্যবহার বন্ধ করার অনুরোধ জানানো হলেও প্রতিষ্ঠানটি তা গুরুত্ব দেয়নি। উল্টো তাদের আচরণকে ‘উদাসীন ও কঠোর’ বলে উল্লেখ করা হয়েছে মামলায়। এমনকি বর্তমানেও বাজারে সেই প্যাকেজিং সম্বলিত টিভি বিক্রি হচ্ছে বলে দাবি করা হয়েছে।
ডুয়া লিপার আইনজীবীদের মতে, টিভির বক্সে তার ছবি থাকায় সাধারণ ক্রেতারা মনে করছেন এটি গায়িকার কোনো আনুষ্ঠানিক এন্ডোর্সমেন্ট বা প্রচারণা। মামলায় সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এর কিছু পোস্টও প্রমাণ হিসেবে যুক্ত করা হয়েছে। সেখানে দেখা যায়, কিছু ভক্ত ডুয়া লিপার ছবি দেখে অন্য ব্র্যান্ডের বদলে স্যামসাং টিভি কেনার সিদ্ধান্ত নিয়েছেন। এক ভক্ত লিখেছেন, "আমি টিভি কেনার কথা ভাবছিলামই না, কিন্তু বক্সে ডুয়া লিপার ছবি দেখে সেটি কিনে ফেলি।"
ডুয়া লিপা এই মামলায় কপিরাইট ও ট্রেডমার্ক লঙ্ঘন এবং পাবলিসিটি রাইটস ভঙ্গের অভিযোগ এনেছেন। তিনি কেবল ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণই চাননি, বরং তার ছবি ব্যবহার করে অর্জিত মুনাফার অংশও দাবি করেছেন। স্যামসাংয়ের পক্ষ থেকে এই মামলা নিয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, এর আগেও গ্রাহকদের ওপর নজরদারির অভিযোগে টেক্সাসের অ্যাটর্নি জেনারেল স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছিলেন। এবার পপ আইকনের এই মামলা স্যামসাংয়ের জন্য নতুন এক আইনি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াল।
ডিবিটেক/বিএমটি । সূত্র: এনগ্যাজেট



