রাজধানীতে ২৩ এপ্রিল শুরু হচ্ছে ১৯তম ঢাকা অটো সিরিজ: গুরুত্ব পাচ্ছে ইভি প্রযুক্তি

রাজধানীতে ২৩ এপ্রিল শুরু হচ্ছে ১৯তম ঢাকা অটো সিরিজ: গুরুত্ব পাচ্ছে ইভি প্রযুক্তি
১৫ এপ্রিল, ২০২৬ ১৩:২০  

দীর্ঘ ১৮ বছরের ধারাবাহিকতায় আগামী ২৩ এপ্রিল থেকে শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় অটোমোটিভ আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই মেলা চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

১৫ এপ্রিল, বুধবার হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজক প্রতিষ্ঠান কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রুপের সিইও এস. এস. সারওয়ার, নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম এবং গ্রুপ ডিরেক্টর অভিষেক দাস।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের সিরিজে একই সাথে ১৯তম ঢাকা মোটর শো, ১০ম ঢাকা বাইক শো, ৯ম ঢাকা অটো পার্টস শো, ৮ম ঢাকা কমার্শিয়াল অটোমোটিভ শো এবং ৩য় ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো অনুষ্ঠিত হবে। ২৩ এপ্রিল দুপুর ১২টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

মেহেরুন এন. ইসলাম বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় বর্তমানে বিকল্প শক্তি হিসেবে ইলেকট্রিক ভেহিকল বা ইভি’র গুরুত্ব বাড়ছে। এবারের প্রদর্শনীতে সাশ্রয়ী ও নতুন ইভি প্রযুক্তি বিশেষ গুরুত্ব পাবে। এই আয়োজন অটোমোটিভ শিল্পকে এগিয়ে নেওয়ার পাশাপাশি নতুন প্রযুক্তি ও সমাধান গ্রহণে সহায়ক হবে।

এবারের আসরে জাপান, ভারত, চীন, মালয়েশিয়া, জার্মানি ও যুক্তরাজ্যসহ ১০টি দেশের ৭০টিরও বেশি কোম্পানি প্রায় ২০০টি বুথ নিয়ে অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে মিতসুবিশি, টয়োটা, মার্সিডিজ বেঞ্জ, হুন্ডা, এমজি, প্রোটন এবং চাঙ্গানের মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের নতুন মডেলের গাড়ি প্রদর্শিত হবে। এ ছাড়া টু-হুইলারের মধ্যে জিহো বাংলাদেশ, সিএফ মটো, লংজিয়া ও ভিমোটো এবং বাণিজ্যিক যানের মধ্যে ফোটন ও ফোরল্যান্ড ব্র্যান্ডের উপস্থিতি থাকবে।

আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল জানায়, এই প্রদর্শনী মোটরপ্রেমী ও ব্যবসায়ীদের জন্য একটি ‘ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে আন্তর্জাতিক বাজারের সাথে প্রযুক্তি আদান-প্রদান এবং বাংলাদেশের অটোমোটিভ খাতের অগ্রগতি বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব হবে। উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত সেমস-গ্লোবাল বিগত তিন দশকে বিশ্বের বিভিন্ন দেশে ৭৬২টিরও বেশি আন্তর্জাতিক প্রদর্শনী সফলভাবে আয়োজন করেছে।

ডিবিটেক/কেএস/ইকে