মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকার ছবি-ভিডিও ধারণের অভিযোগে আউটসোর্সিং কর্মী আটক

মেট্রোরেলের কেপিআই-ভুক্ত ডিপোর সংরক্ষিত এলাকার ছবি ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পের এক আউটসোর্সিং কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে ডিএমটিসিএল।

মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকার ছবি-ভিডিও ধারণের অভিযোগে আউটসোর্সিং কর্মী আটক
২২ জুলাই, ২০২৬ ২০:৩১  

কেপিআই (কী পয়েন্ট ইনস্টলেশন)-ভুক্ত মেট্রোরেল ডিপোর অভ্যন্তরীণ সংরক্ষিত এলাকার ছবি ও ভিডিও ধারণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে এমআরটি লাইন-৫ নর্দার্ন রুট প্রকল্পের এক আউটসোর্সিং কর্মচারীকে আটক করা হয়েছে।

২২ জুলাই,বুধবার মেট্রোরেল পরিচালনা ও রক্ষণাবেক্ষণকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

ডিএমটিসিএল জানায়, রাজধানীর পরিবেশবান্ধব ও আধুনিক গণপরিবহন মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি কঠোর অবস্থান গ্রহণ করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযুক্ত কর্মচারী কেপিআই-ভুক্ত মেট্রোরেল ডিপোর সংরক্ষিত এলাকায় অনুমতি ছাড়া স্থিরচিত্র ও ভিডিও ধারণ করেন। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং অপপ্রচারের অভিযোগ ওঠে।

ঘটনার পর তাকে আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর তুরাগ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানিয়েছে ডিএমটিসিএল।

মেট্রোরেলের নিরাপত্তা ও সংরক্ষিত স্থাপনার গোপনীয়তা রক্ষায় সংশ্লিষ্ট সবাইকে প্রচলিত আইন ও নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
//ডিবিটেক/বিএন/এনএএম//