যবিপ্রবির নতুন ভিসি অধ্যাপক ইয়ারুল কবীর
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগের অধ্যাপক ড. ইয়ারুল কবীর। তিনি সদ্য অব্যাহতি প্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আব্দুল মজিদের স্থলাভিষিক্ত হলেন।
রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে ১৩ এপ্রিল, সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সহকারী সচিব মো: শাহ আলম সিরাজ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ১০ (১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. ইয়ারুল কবীর, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো।
শর্তের ক্ষেত্রে বলা হয়েছে, ‘ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে; উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন; তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন; তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন; এবং মহমান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।’
ঢাবির একজন শিক্ষক বলেন, অধ্যাপক ইয়ারুল কবীর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দলের’ সঙ্গে যুক্ত। ‘সাদা দলের’ হয়ে তিনি ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনও করেছেন।
এর আগে ২০২৪ সালে গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২৩ সেপ্টেম্বর ঢাবির ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক মো. আব্দুল মজিদকে যবিপ্রবির উপাচার্যের দায়িত্ব দিয়েছিল অন্তর্বর্তী সরকার।
ডিবিটেক/এনএইচ/ইকে







