যাদের রিটে স্থগিত শাকসু নির্বাচন
মাত্র ২০ ঘণ্টা আগে স্থগিত হয়েছে ২৮ বছরের প্রতীক্ষিত সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন। প্রতিষ্ঠানটির তিন শিক্ষার্থীর করা রিটের পরিপ্রেক্ষিতে এমন রায় দিয়েছে উচ্চ আদালত।
সূত্রমতে, রিটকারী তিন শিক্ষার্থী হলেন ২০১৮–১৯ শিক্ষাবর্ষের পদার্থবিদ্যা বিভাগের ও শাহপরান হলের শিক্ষার্থী মো. মমিনুর রশীদ শুভ ২০২০–২১ শিক্ষাবর্ষের গণিত বিভাগের ও সৈয়দ মুজতবা আলী হলের শিক্ষার্থী মো. রকিবুল হাসান রতন এবং একই শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের ও শাহপরান হলের শিক্ষার্থী হাবিবুর রহমান হাসান।
এদের মধ্যে তাৎক্ষণিক রিটকারী ও নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী মো. মমিনুর রশীদ শুভকে শাবিপ্রবি ক্যাম্পাসে অবাঞ্ছিত করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রিটকারীদের পক্ষের আইনজীবী সূত্রে জানা গেছে, গত ১৮ জানুয়ারি এই তিন শিক্ষার্থী আবেদনকারী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ৮৫২ নম্বর একটি রিট পিটিশন দাখিল করেন। রিট আবেদনে ১৫ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশনের (ইসির) নির্বাচন ব্যবস্থাপনা–২ অধিশাখার উপ-সচিবের স্বাক্ষরে জারি করা একটি চিঠির বৈধতা চ্যালেঞ্জ করা হয়। চিঠির মাধ্যমে ২০ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে শাকসু ও হল সংসদ নির্বাচন আয়োজনের অনুমতি দেওয়া হয়েছিল।
তবে ১৯ জানুয়ারি, সোমবার রিটের শুনানিতে শাবিপ্রবির শাকসু ও হল সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেন হাইকোর্ট। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
এর আগে সকালে নির্বাচনে দায়িত্ব পালনে বিব্রতবোধের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি পন্থী শিক্ষকরা। এমন পরিস্থিকে আদালতের রায়ে নির্বাচন স্থগিত হওয়ায় সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন শিক্ষার্থীদের একাংশ। ইউনিভার্সিটি টিচার্স লিংক বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব নির্ধারিত দিনেই ভোট অনুষ্ঠানের দায়িত্ব পালনে সম্মতি জানিয়ে সংবাদ সম্মেলন করেন। শেষ পর্যন্ত নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের প্রধান গেইটের সামনের অবরোধ তুলে নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রশাসনিক ভবন অবরুদ্ধ করেন। প্রশাসন জানিয়েছে, সিন্ডিকেট সভায় পুরো বিষয় অবহিত করে নির্বাচন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।
ডিবিটেক/ইএনসি/ইকে







