স্ক্রল করলেই অনুবাদ, এক্সে আসছে এআই ফিচার

স্ক্রল করলেই অনুবাদ, এক্সে আসছে এআই ফিচার
১০ এপ্রিল, ২০২৬ ১৬:৫৫  

ইংরেজিতে দক্ষ হলেও অন্য ভাষার পোস্ট বুঝতে না পারার সমস্যা দূর করতে নতুন সুবিধা আনছে মাইক্রো ব্লগ টুইটারের উত্তরসূরি এক্স। ইলন মাস্কের মালিকানাধীন এই প্ল্যাটফর্মে শিগগিরই স্বয়ংক্রিয় পোস্ট অনুবাদ ফিচার চালু হচ্ছে।

নতুন এই সুবিধা চালু হলে ব্যবহারকারীদের আর আলাদা করে অনুবাদে ক্লিক করতে হবে না। এক্সে স্ক্রল করার সময়ই ফরাসি, চীনা, জার্মান বা স্প্যানিশসহ বিভিন্ন ভাষায় লেখা পোস্ট স্বয়ংক্রিয়ভাবে ইংরেজিতে রূপান্তরিত হয়ে যাবে।

ফিচারটি সম্পর্কে এক্সের পণ্য বিভাগের প্রধান নিকিতা বিয়ার জানান, এটি বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য ধাপে ধাপে চালু করা হবে, যাতে ভাষার বাধা দূর করে সবাই সহজে কনটেন্ট বুঝতে পারেন।

এক্সের তথ্যমতে, এই স্বয়ংক্রিয় অনুবাদ সুবিধা পরিচালিত হবে গ্রোক এআই চ্যাটবটের মাধ্যমে। ফলে স্ক্রল করার সময়ই তাৎক্ষণিকভাবে পোস্ট অনুবাদ হয়ে যাবে এবং বিভিন্ন ভাষার কনটেন্ট আরও সহজে বৈশ্বিক দর্শকের কাছে পৌঁছাবে। তবে ব্যবহারকারীরা চাইলে সেটিংসের গিয়ার আইকন থেকে এই সুবিধা বন্ধ করতে পারবেন।

এছাড়া, আইওএস ব্যবহারকারীদের জন্য নতুন একটি ইমেজ এডিটরও চালু করছে এক্স। এই এআইচালিত টুলের মাধ্যমে ছবি স্বয়ংক্রিয়ভাবে সম্পাদনা করা যাবে। প্রয়োজনে ছবিতে থাকা ব্যক্তির মুখ, গাড়ির নম্বরপ্লেট বা ক্রেডিট কার্ডের মতো সংবেদনশীল তথ্য সহজেই ঝাপসা করা যাবে।

নতুন এই ফিচারগুলো প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে।

ডিবিটেক/টিও্আই/ইকে